খুলনা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী ও অজ্ঞান পার্টির সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে কিছু অস্ত্র ও ফেনসিডিলও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি জার্মানির তৈরি রিভলবার, একটি শাটার গান, একটি পাইপ গান ও অস্ত্র তৈরির সরঞ্জাম। এছাড়া ৪০ বোতল ফেনসিডিল এবং ২৪ পুরিয়া হেরোইন উদ্ধার করে র্যাব।
র্যাব-৬ এর ক্যাপ্টেন মতিউল ইসলাম মণ্ডল জানান, গত মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে নগরীর ডাকবাংলো মোড়ের কস্তুরি হোটেল থেকে দিঘলিয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী মেহেদী হাসান ওরফে ফিরোজ গাজী (২৬) এবং তার সহযোগী আব্দুল ওয়াদুদ (৩২) কে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের গ্রামের বাড়ি উপজেলার চন্দনীমহলে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি শাটার গান, একটি পাইপ গান এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা একাধিক হত্যাসহ কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।
মঙ্গলবার বিকেলে র্যাব সদস্যরা নগরীর গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে ফজলুর রহমান (১৮) ও মোঃ ছালাম মল্লিক (২৬) নামে র্ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। ওই দিন দুপুরে জেলার ডুমুরিয়া উপজেলার শানতলা গ্রামে অভিযান চালিয়ে মোক্তার আলী (৩৮) ও মোহাম্মদ আলী (৪৫) নামে দুই ফেনসিডিল ব্যবসায়ীকে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার রাতে র্যাব সদস্যরা মহানগরীর খালিশপুর হাউজিং এষ্টেট এলাকা থেকে অজ্ঞান পার্টির সদস্য মোঃ মিরাজ মোল্লা (২৬)কে গ্রেফতার করে। বিকেলে র্যাবের আরেকটি দল একই এলাকা থেকে সজল বাহিনীর ক্যাডার জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ ওরফে ফান্টু জাহিদকে (২৪) কে ২৪ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। জাহিদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল) সদস্য।
এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের 'ত্রাস' হিসেবে পরিচিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (মৃণাল) শীর্ষনেতা চরমপন্থী মৃণালের অন্যতম সহযোগী মহীতোষকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনাবান্দা গ্রাম থেকে গ্রেপ্তার করে। মহীতোষের বিরুদ্ধে অস্ত্র ও চাদাঁবাজিসহ অনেক মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ১৯৩৭ ঘ.
bdnews24