২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আরো দুই শিক্ষার্থী 'গণ হিস্টিরিয়ায়' আক্রান্ত

রাজধানীর আরো দুই স্কুল শিক্ষার্থী 'অজ্ঞাত রোগ' হিসেবে পরিচিতি পাওয়া 'গণ হিস্টিরিয়ায়' আক্রান্ত হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর আরো দুই স্কুল শিক্ষার্থী 'অজ্ঞাত রোগ' হিসেবে পরিচিতি পাওয়া 'গণ হিস্টিরিয়ায়' আক্রান্ত হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন 'আক্রান্ত' এ দুজন হচ্ছে, খিলগাঁওয়ের মান্ডা হায়দার আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্বপ্না (১৫) এবং মহুমা জাবরিন (১৫)। তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে অসুস্থ স্বপ্নার খালা পুস্প জানান, মাথাব্যথা ও বমির কারণে সে অজ্ঞান হয়ে পড়েছে এ খবর পেয়ে তারা স্কুলে হাজির হন। কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপ্না ও মহুমা গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন,"এটা একপ্রকার মনস্তাত্বিক অসুস্থতা, কোন রোগ নয় ।" আগের দিন মঙ্গলবারই রাজধানীর মিরপুর ১ নম্বরের হযরত শাহ আলী মডেল স্কুলের সাতজন শিক্ষার্থী 'অজ্ঞাত' রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/এএনএস/ এসকে ১৭৫৪ ঘ.