২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসবিদ অধ্যাপক আব্দুল করিম মারা গেছেন

প্রখ্যাত ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল করিম মঙ্গলবার বিকালে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুমের ছোট ছেলে সৈয়দ আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে অধ্যাপক করিমকে নগরীর পাঁচলাইশে কার্ডিয়াক কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোয়া তিনটায় মারা যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল করিম মঙ্গলবার বিকালে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুমের ছোট ছেলে সৈয়দ আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে অধ্যাপক করিমকে নগরীর পাঁচলাইশে কার্ডিয়াক কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোয়া তিনটায় মারা যান তিনি। আমিনুল ইসলাম জানান, অধ্যাপক আব্দুল করিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছু দিন আগে তিনি একই হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। আব্দুল করিম স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জেলার বাঁশখালী উপজেলার চাপাছড়িতে। বুধবার সকাল সাড়ে ৯টায় বায়তুল ফালাহ জামে মসজিদ ময়দানসহ মোট তিনটি স্থানে জানাজা শেষে তার লাশ নগরীর গরীবুল্লাহ শাহ মাজারে দাফন করা হবে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মদ অধ্যাপক আব্দুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার তিনি অধ্যাপক করিমের জামাতা মাহমুদুল হককে টেলিফোন করে শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। মধ্যযুগের বাংলার ইতিহাসে বিশেষজ্ঞ অধ্যাপক করিম আমৃত্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ইমেরিটাস প্রফেসর ছিলেন। তিনি ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে একুশে পদকসহ দেশে-বিদেশের অসংখ্য পদকে ভূষিত আব্দুল করিমের প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশ'র বেশি। এর মধ্যে বিশেষ করে সুলতানি ও মুঘল যুগে বাংলার ইতিহাস বিষয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের বাইরেও একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় স্থান পেয়েছে। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি ডিগ্রি নেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। পরবর্তীকালে ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সভাপতি হিসাবে যোগ দিয়ে সেখান থেকেই অবসর নেন। অধ্যাপক করিম এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের ফেলো, ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এর ভিজিটির প্রফেসর এবং রয়েল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো ছিলেন। আব্দুল করিমের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম গভীর শোক এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ বন্ধ ঘোষণা এবং একাডেমিক কাউন্সিলের সভা স্থগিত করা হয়েছে। আব্দুল করিমের মৃত্যুতে তার ঘনিষ্ঠ সহকর্মী অধ্যাপক অনুপম সেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক করিমের পান্ডিত্য দেশ ছাড়িয়ে পুরো ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল। ইতিহাস বিষয়ে সুগভীর জ্ঞানের কারনে তিনি বাংলাদেশের চাইতে কলকাতার গবেষকদের কাছে ব্যাপক পরিচিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এফআই/এমআই/এসএইচ/২০০৪ ঘ.