২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়মা হত্যা: ফায়জুল পাঁচ দিনের রিমান্ডে

রাজধানীর এলিফ্যান্ট রোডে অ্যাডভোকেট সায়মা খানম হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ফায়জুল ইসলামকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে র‌্যাব- ২ এর উপ-পরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফায়জুলের সাত দিনের রিমান্ড চান। আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম শামসুল আলম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডে অ্যাডভোকেট সায়মা খানম হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ফায়জুল ইসলামকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে র‌্যাব- ২ এর উপ-পরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফায়জুলের সাত দিনের রিমান্ড চান। আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম শামসুল আলম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, ফায়জুল ইসলাম নিজেই সায়মা খানমকে হত্যা করেছে বলে পুলিশ ও অন্যান্য সংস্থার কাছে স্বীকার করেছে। হত্যার কারণও সে বলেছে। তার সহযোগীদের নাম এবং টাকার জন্যই সে খুন করেছে কিনা- সেটি জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এদিকে, সায়মা খানমের বাসার কাজের মেয়ে মিনা ও আলেয়ার সাত দিন রিমান্ড শেষে একই সময়ে একই আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের দু'জনকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে মিনাকে কারাগারে এবং আলেয়াকে কোনাবাড়ি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসএনডি/২০০৬ ঘ.