ঢাকা, ২৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় তার মা এবং খালা শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সাজানো ঘটনা বলে দাবি করেছেন।
জয় বলেছেন, তার মা ও খালার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ।
মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় হাসিনা তনয় এ কথা বলেন।
জয় বলেন,"আমার খালা দশ বছর ধরে দেশের বাইরে। এ মামলায় তার নাম ছিলো না। তাতেই বোঝা যায় এ মামলা মিথ্যা ও সাজানো।"
সাবেক প্রধানমন্ত্রীর ছেলে অভিযোগ করেন, "কয়েকজন জেনারেল ও উপদেষ্টা বঙ্গবন্ধু পরিবারের বদনাম করতে লেগেছেন ।"
তিনি বলেন, বর্তমান অবস্থায় আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী দল বলেই সবাই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ক্ষতি করতে চাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/ ১৯৪৬ ঘ.
bdnews24