ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আয়কর আইনজীবী খন্দকার জানিয়েছেন, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য তিনি দুদকের কাছে ৭ দিন সময় চেয়েছেন।
মঙ্গলবার বিকালে সংসদ ভবনের বিশেষ কারাগারে আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে দেখা
করে বেরিয়ে এসে মুনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার সম্পদের হিসাব বিবরণী তৈরি করে স্বাক্ষরের জন্য তার কাছে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৭ দিন সময় চেয়ে একটি দরখাস্তও শেখ হাসিনার স্বাক্ষরের জন্য তার কাছে জমা দেওয়া হয়েছে। তিনি এতে স্বাক্ষর করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তা দুদকে পাঠিয়ে দেবেন।
চাঁদাবাজির মামলায় মঙ্গলবার অভিযোগপত্র দেওয়ার বিষয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়া সম্পর্কে মুনিরুজ্জামান বলেন, তিনি বলেছেন, 'শেখ রেহানাকে কেন অন্তর্ভূক্ত করা হলো। সেতো তখন দেশেই ছিল না'।
অন্যান্য দিনের মতো এদিনও আত্মীয় এবং দলীয় কর্মীরা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বিশেষ কারাগারে এসে ফিরে গেছেন। তবে তাদের দেওয়া আবেদন গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।
বেলা ১২টার দিকে দর্শনার্থীদের আবেদনপত্র জমা নেওয়ার জন্য সংসদ ভবনের চ্যানেল রোডের পুলিশ বক্সের কাছে একটি বাক্স রাখা হয়। বেলা দুইটার দিকে বাক্সটি সরিয়ে নেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরবি/জিএনএ/এসকে ১৮২০ ঘ.
bdnews24