২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ডু গ্রামে সোমবার রাতে পুলিশের লাথিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের ছেলের স্ত্রী পারুল বেগম(২৫) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, পুলিশের নির্যাতনেই তার শ্বশুর এস্কান্দার সরদারের(৬০) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 10:07 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ডু গ্রামে সোমবার রাতে পুলিশের লাথিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের ছেলের স্ত্রী পারুল বেগম(২৫) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, পুলিশের নির্যাতনেই তার শ্বশুর এস্কান্দার সরদারের(৬০) মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাশরুকুর রহমান মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান বলে পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পারুল বেগম জানান, গত সোমবার দুপুরে ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে ব্র্যাক এর কর্মকর্তা জহিরুল ইসলামের সঙ্গে তার স্বামী জেলাল সরদারের হাতাহাতি হয়। ওই ঘটনায় জহিরুল ইসলাম থানায় অভিযোগ করলে রাত সাড়ে ১২টার দিকে উজিরপুর থানার সহকারী উপপরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল জেলালকে গ্রেপ্তারে তাদের বাসায় যায়। ওই সময় পুলিশ সদস্যরা জেলালের বাড়ির বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে তাকে গ্রেপ্তার করে বলে প্রতিবেশী জাহাঙ্গীর সরদার স্থানীয় সাংবাদিকদের জানান। পারুল ও প্রতিবেশীরা জানান, ঘরে ঢুকে জেলালকে আটক করে নিয়ে যাওয়ার সময় এস্কান্দার সরদার পুলিশ কর্মকর্তার পা ধরে ছেলেকে ছেড়ে দিতে অনুনয় জানাতে গেলে ফারুক হোসেন তাকে লাথি মারেন। এতে পড়ে গিয়ে চৌকির কোনায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান এস্কান্দার। তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, "ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে সোমবার রাতে জেলালকে গ্রেপ্তার করতে যাই। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে গিয়ে জেলালকে ডেকে বাইরে নিয়ে আসি।" তিনি বা পুলিশের কোনও সদস্য জেলালের বাড়িতে ঢোকেননি দাবি করে ফারুক হোসেন বলেন, লাথি মারা প্রশ্নই ওঠে না। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, ময়না তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার মিত্র লাশ নিয়ে দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। বিষয়টি নিয়ে এ মুহূর্তে কোনও মন্তব্য করতে রাজি হননি ওসি আজাদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৭ ঘ.