ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---শেখ হাসিনার মুক্তির দাবি জানিয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মীকে আইন উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করতে দেখেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জান্নাতুল ফেরদৌস। এসময় শেখ হাসিনার মুক্তি দাবি করে তারা বিভিন্ন শ্লোগান দেন।
কুশপুত্তলিকা দাহ করার সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকে দেখা গেছে। কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে তারা দ্রুত জায়গা ছেড়ে যান।
তবে এ ব্যাপারে অজ্ঞানতা প্রকাশ করে শাহবাগ থানার উপ পরিদর্শক মোরশেদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে আমরা কিছু জানিনা।"
ঘটনার দেড়ঘন্টার পরও ওইস্থানে কোনও পুলিশ দেখা না গেলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অন্যান্য দিনের তুলনায় বেশি পুলিশ দেখা গেছে।
কুশপুত্তলিকা দাহ করার কথা জানিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার মুক্তির বিক্ষোভ কর্মসূচী অব্যাহত থাকবে।"
এদিকে মঙ্গলবার ঢাকাসহ জেলা শহরগুলোতে শেখ হাসিনার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছে ছাত্রলীগ।
এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হাসিনার গ্রেপ্তার ও খালেদাকে হেনস্তা করার প্রতিবাদে শনিবার ও রোববার কর্মসূচি পালন করে। তারা হাসিনার গ্রেপ্তার নিয়ে পক্ষপাতমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে আইন উপদেষ্টা মইনুল হোসেনের পদত্যাগও দাবি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/জিএনএ/১২০০ ঘ.
bdnews24