২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিদারের ছবিতে পাহাড়ের গীতিনক্সা

জীবনের ছোট ছোট গল্প কত রূপেই না বাঁধা পড়ে ক্যামেরার ফ্রেমে! কেউ ছবি তোলেন ফুল, পাখি, প্রজাপতির; কেউবা নিমগ্ন থাকেন ইতিহাস ও ঐতিহ্যে। কারো ছবিতে উঠে আসে অপরাজেয় মানুষের মুখ। চিত্র সাংবাদিক দিদারুল আলমের ছবিতে ঘটেছে এ সবকিছুরই এক ছন্দময় সম্মিলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 04:34 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জীবনের ছোট ছোট গল্প কত রূপেই না বাঁধা পড়ে ক্যামেরার ফ্রেমে! কেউ ছবি তোলেন ফুল, পাখি, প্রজাপতির; কেউবা নিমগ্ন থাকেন ইতিহাস ও ঐতিহ্যে। কারো ছবিতে উঠে আসে অপরাজেয় মানুষের মুখ। চিত্র সাংবাদিক দিদারুল আলমের ছবিতে ঘটেছে এ সবকিছুরই এক ছন্দময় সম্মিলন। দিদারুলের এই আলোকচিত্র প্রদর্শনীটি এখন চলছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে মোট ৬০টি রঙ্গিন ও সাদাকালো ছবি। পাহাড়ের বিচিত্র জীবন ধারা ও নিসর্গ শোভাই এ প্রদর্শনীর উপজীব্য। এতে আছে বনের আগুনে নিজেকে পুড়িয়ে জুমিয়ার জুম চাষ। আছে আনন্দময় ফসল কাটা আর বর্ণিল সূতোয় স্বপ্ন বুননের দৃশ্য। এসবের পাশাপাশি আছে পাহাড়িদের শান্তির জন্য অস্ত্র সমর্পণ, শিকার ধরা, খেলাধুলা, নৃত্যগীতসহ প্রাত্যহিক জীবনযাপনের টুকরো টুকরো ছবি। রোববার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন দিদারুলের কাজের প্রশংসা করে বলেন, পাহাড়ের আদিবাসীদের জীবন যাপন ও আনন্দ বেদনাকে শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী। আলোকচিত্রী সাংবাদিক দিদারুল বলেছেন, ১৬ বছর আগের ছবি অর্থাৎ ১৯৮৯ সালে তোলা ছবিও এ প্রদর্শনীতে রয়েছে। কিন্তু সব ছবি দেখে বলা যাবে না তা কখন বা কোথায় তোলা । দর্শকের মনে তাই প্রশ্ন থেকে যেতে পারে অনেক। তা সত্ত্বেও সবুজ পাহাড়, ঝর্ণাধারা আর পাহাড়ী জীবন ধারার রঙ ও ছন্দময়তা মনে মুগ্ধতার পরশ বুলিয়ে দেবে এটা বলা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিটি মেয়র মনজুর উর আলম। চিটাগাং প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক এজাজ ইউসুফীও বক্তব্য রাখেন। প্রদশর্নীটি চলবে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই /এসকে ২২২৯ ঘ.