আবু নোমান সজীব
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুপ্রিম কোর্টের আইনজীবী সায়মা খানমের হত্যকারীকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব। ফয়জুল ইসলাম নামের ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর র্যাবকে বলেছে, সায়মা খানম তাকে প্রথমে পুলিশ সার্জেন্ট ও পরে ২৭ তম বিসিএস-এ চাকরি দেওয়ার কথা বলে দুই দফায় ১২ লাখ টাকা নিয়েও চাকরি দেয়নি। তাই তিন বন্ধুকে নিয়ে সে সায়মাকে হত্যা করেছে।
গণপূর্ত অধিদপ্তরের সহকারী হিসাব রক্ষক ফয়জুলকে সোমবার বিকেলে মগবাজারে র্যাব-২ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র্যাব জানায়, অ্যাডভোকেট সায়মার মোবাইলের কললিস্টে সর্বশেষ নম্বরটি ছিল তার। সংবাদ সম্মেলন থেকে এসে জানাচ্ছেন আবু নোমান সজীব।
সাংবাদিকদের সামনে ফয়জুল বলে, "সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে অ্যাডভোকেট সায়মা খানমের পরিচয় ছিল। এই পরিচয় কাজে লাগিয়ে সায়মা খানম তাকে পুলিশ সার্জেন্টের চাকরি দেওয়ার কথা বলে ২০০১ সালে ৫ লাখ টাকা নেন। এরপর ২৭ তম বিসিএস-এ চাকরি দেওয়ার কথা বলে ২০০৩ সালে আরও ৭ লাখ টাকা নেন। কিন্তু তাকে চাকরি দেয়নি।"
ফয়জুল দাবি করে সে ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাস করেছে।
হত্যাকাণ্ডের দৃশ্যপটের বর্ণনা দিতে গিয়ে সে বলে, "১৭ জুন মঙ্গলবার তিন বন্ধূকে নিয়ে আমি এলিফ্যান্ট রোডের প্রিন্স টাওয়ারে অ্যাডভোকেট সায়মার বাসায় যায়। সঙ্গে দেড়শ' টাকার একটি স্ট্যাম্পও নিয়ে যাই। উদ্দেশ্য ছিল হয় সায়মা খানমের কাছে যে সে টাকা পাই সে ব্যাপারে তার স্বাক্ষর নিয়ে প্রমাণ রাখা। দুপুরে বাসায় গিয়ে টাকা চাইলে সায়মা তা দিতে অস্বীকৃতি জানান এবং পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দেওয়ার ভয় দেখান। এরপর এক ফাঁকে আমি মোবাইলে মিসকল দিলে তিনবন্ধু বাড়ির ভেতরে আসে। প্রথমে আমি সায়মার গলায় ছুরিকাঘাত করি।"
ফয়জুল জানায়, প্রথম আঘাতের পর রক্ত দেখে সে ভয় পেলে তার তিন বন্ধু মিলে জবাই করার কাজটি শেষ করে।
ফয়জুল জানায়, তার বাবা শামসু মিয়া গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী। তারা তেজগাঁর পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে ৫৪৬/১০ নম্বর বাসায় থাকে। সামনের বাসায় থাকতেন সায়মার বাবা। তিনি পিডব্লিউডির প্রকৌশলী ছিলেন। ছোটবেলা থেকেই ওই বাসায় তার যাতায়াতের সুবাদে অ্যাডভোকেট সায়মার সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হয়। সায়মাকে সে আম্মা বলে ডাকতো।
তবে ঘটনার পর ওই বাড়ির দুই গৃহকর্মী পুলিশকে জানিয়েছিল, খুনি বাসায় ঢোকার পর সায়মাকে ভাবী বলে সম্বোধন করে।
ফয়জুল জানায়, এ্যাডভোকেট সায়মার কাছে টাকা ফেরৎ চেয়ে ফোন করলে তিনি তাকে উল্টো ভয়-ভীতি দেখাতেন।
সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক, পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক এম আকবর আলী জানান, ফয়জুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরের সহকারী হিসেব রক্ষক হিসেবে কর্মরত। অ্যাডভোকেট সায়মার মোবাইলের কললিস্ট দেখে তাকে কয়েকদিন অনুসরণের পর নিশ্চিত হয়ে সোমবার সকালে নিউমার্কেট এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, সায়মার মোবাইলের কললিস্টের সর্বশেষ কল ছিল ফয়জুলের। তার সম্পর্কে খোঁজ নিয়ে র্যাব জানতে পারে, মঙ্গলবার খুনের পর সে বুধ ও বৃহস্পতিবার অফিসে যায়নি। রোববার সে অফিসে গিয়ে জানায় ছিনতাইকারীদের কবলে পড়ে তার হাত কেটে গেছে। এ কারণে সে অফিসে আসতে পারেনি। এ ঘটনা শুনে র্যাবের সন্দেহ হয়। এরপর কয়েকদিন তাকে অনুসরণের পর গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে সায়মার মোবাইল সেটটিও উদ্ধার করা হয়েছে।
এম আকবর আলী বলেন, "সায়মা খানমের বাসার গৃহকর্মী আলেয়া ফয়জুলকে সনাক্ত করেছে। আলেয়া জানিয়েছে সে তাকে বেসিনে রক্তাক্ত হাত ধুতে দেখেছে।"
লুৎফুজ্জামান বাবরের সঙ্গে অ্যাডভোকেট সায়মার সম্পর্কের সত্যতা কতোটুকু এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের কাছে এ বিষয়টি মুখ্য নয়। সে যে হত্যকারী সেটা চিহ্নিত করাই মুখ্য বিষয়।"
তৃতীয় শ্রেণীর একজন সরকারি কর্মচারী ফয়জুল ১২ লাখ টাকা কোথায় পেয়েছে
bdnews24