ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি। আদালত আগামী ২৬ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন।
আসামি আরজুমান্দ বানুর অসুস্থতার কারণে সোমবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান। আদালত ২৬ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে গত ১৯ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত--১ পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ২৩ জুলাই মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ২ জুলাই দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে এক কোটি ৬০ লাখেরও বেশি টাকার হিসাব কম দেখানোর অভিযোগে নাসিম দম্পতির বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/ এসকে ২১৫৯ ঘ.
bdnews24