ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে দৈনিক ইনকিলাব কার্যালয়ের প্রধান ফটকে সোমবার সন্ধ্যায় ককটেল হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এই হামলার পর অজ্ঞাত পরিচয় হামলাকারীরা মতিঝিল শাপলা চত্বরেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মতিউর রহমান রাত সাড়ে আটটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ইনকিলাব ভবনের প্রধান ফটকে একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী রাত নয়টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।"
এ ব্যাপারে দৈনিক ইনকিলাবের প্রধান বার্তা সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১৫৩ ঘ.
bdnews24