২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অজ্ঞান পার্টির তৎপরতা চলছেই, নতুন শিকার ৪

রোববার রাজধানীতে পৃথকভাবে চারজনকে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়েছে দুবৃত্তরা। সংজ্ঞাহীন অবস্থায় ওই চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ভরদুপুরে শান্তিবাগ এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। এদিকে কাওরান বাজারে এক অটোরিকশা চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 03:55 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রোববার রাজধানীতে পৃথকভাবে চারজনকে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়েছে দুবৃত্তরা। সংজ্ঞাহীন অবস্থায় ওই চারজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ভরদুপুরে শান্তিবাগ এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। এদিকে কাওরান বাজারে এক অটোরিকশা চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অজ্ঞান পার্টির কবলে পড়া চারজন হলেন মো. রফিক (২৭), সাজ্জাদ কাদের খান (৩৮), যুবরাজ (৩৫) ও অজ্ঞাত (১৮) এক কিশোর। ভগ্নিপতি বাবুল জানান, দুপুরে মিরপুরের এশিয়া সিনেমা হলের সামনে অজ্ঞান পার্টির কবলে পড়েন রফিক । দুবৃত্তরা তার কাছ থেকে নগদ ১১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। রফিকের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। বিকেলে টঙ্গী ব্রিজের সামনে থেকে সাজ্জাদ কাদির খান (৩৮) এবং যুবরাজ (৩৫) নামে আরেকজনকে ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পথচারীরা। মহাখালী পুলিশ বক্সের সামনে অজ্ঞান পার্টির শিকার হয় অজ্ঞাত এক তরুণ। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচেতন এ তরুণের পরনে পাঞ্জাবী ও মুখে দাড়ি রয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর শান্তিবাগ এলাকায় ভাই ভাই হোটেলের গলিতে মো. সোহেল নামে এক কাপড়ের ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার ডিআইটি মার্কেটের সামনে সিএনজি অটোরিক্সার ভেতর অচেতন হয়ে পড়ে যায় চালক আব্দুল কুদ্দুস (৪০)। তেজগাঁও থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান কুদ্দুসকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান জানান, কি কারণে কুদ্দুসের মৃত্যু হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। ঘটনাস্থলের দোকানদাররা জানিয়েছেন কুদ্দুস তার অটোরিক্সা থামিয়ে সেখানে আধঘণ্টার বেশি সময় বসে ছিল। তারপর গাড়িতে উঠে স্টার্ট করতে না করতেই সে হঠাৎ হ্যান্ডেলের ওপর ঢলে পড়ে। এ বিষয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে ২১৫১ ঘ.