২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীরা আন্দোলনের জন্য চাপ দিচ্ছে : জিল্লুর রহমান

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান প্রকাশ্য আদালতে প্রচলিত আইনে শেখ হাসিনার বিচার কাজ পরিচালনার জোর দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে গুলশানের বাসভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি উত্থাপন করেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান প্রকাশ্য আদালতে প্রচলিত আইনে শেখ হাসিনার বিচার কাজ পরিচালনার জোর দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে গুলশানের বাসভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি উত্থাপন করেন । তৃণমূল পর্যায়ের দলীয় কর্মীরা আন্দোলনের কর্মসূচি দেওয়ার জন্য তার ওপর চাপ দিচ্ছে এ কথা উল্লেখ করে জিল্লুর বলেন, নেতা-কর্মীদের তিনি জানিয়েছেন, কর্মসূচি দেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। জিল্লুর রহমান বলেন, কর্মীদের তিনি বলেছেন পরিবেশ তৈরি হলে অবশ্যই রাজপথে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আবারও শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে জিল্লুর বলেন, আইনী কার্যক্রম এগিয়ে চলছে। শেখ হাসিনার জামিন চাওয়া হবে , না অভিযোগ বাতিলের আবেদন জানানো হবে আইনজীবীরা বসে সে সিদ্ধান্ত নেবেন । জিল্লুর রহমান বলেন, "সুবিচার পাওয়া গেলে শেখ হাসিনা অবশ্যই মুক্তি পাবেন।" অভিযোগ থাকা সত্ত্বেও একটি বিশেষ দলের নেতাকর্মীদের ধরা হচ্ছে না- এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এক দেশে দুই আইন চলতে পারে না।" জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নেই বলে এক উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সভাপতি । জিল্লুর রহমানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য আতাউর রহমান খান এবং উপদেষ্টা পরিষদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে ২০২৩ ঘ.