ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সাবেক পরিবেশ ও বন মন্ত্রী শাজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও ছেলে রাজীব সিরাজ অপুর বিরুদ্ধে সোমবার হুলিয়া জারি করা হয়েছে।
ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন। এর আগে গত ১৬ জুলাই ওই তিনজনের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আয়কর ফাঁকির অভিযোগ এনে পৃথক ১১টি মামলা করা হয়। বিচারক সেদিনই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।
পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যর্থ হয়ে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করলে বিচারক আসামীদের গ্রেপ্তার ও সম্পত্তি ক্রোকের জন্য হুলিয়া জারি করে। এছাড়া হুলিয়া সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য আগামী ২৯ জুলাই দিন ধার্য করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসকে ২০০১ ঘ.
bdnews24