ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতার কবল থেকে রাজধানীবাসীর সহজে মুক্তি নেই। ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান প্রধান বলেছেন, পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে গেছে বলে বেশী বৃষ্টিপাত হলে ঢাকার জলাবদ্ধতা সহজে কাটবে না।
শহিদুর রহমান প্রধান বলেন, ওয়াসার দেড়শ বর্গ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থায় সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা নিষ্কাশন করা সম্ভব। কিন্তু এর চেয়ে বেশী বৃষ্টি হলে এই নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ে।
সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় সভাকক্ষে কয়েকটি দাতা সংস্থার সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উল্লেখ করা যেতে পারে, গত রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মাত্র ৬ ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার যা ছিল দেশের মধ্যেই সর্বোচ্চ।
ঢাকার ১৬টি খালই এখন কমবেশী দখলের শিকার - একথা উল্লেখ করে ওয়াসা কর্মকর্তা বলেন, "এই খালগুলো পুনরুদ্ধার করা গেলে পানি দ্রুত নামবে। খালগুলো পুনরুদ্ধার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা কমিটি কাজ করছে।"
তিনি জানান, বৈঠকে জলাবদ্ধতার কারণে রাজধানীবাসীর দূর্ভোগ নিয়ে আলোচনা হয়। এতে এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, ডানিডা ও ডিএফআইডি -র প্রতিনিধিরা ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য তাদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএইচবি/বিআর/এসকে ১৯৩৩ ঘ.
bdnews24