২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের বিবৃতিতে ঐক্যের কথা আছে: হান্নান শাহ

শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ্ বলেছেন, এতে ঐক্যের রাজনীতির কথা আছে। এটা ভালো বিবৃতি। একইসঙ্গে এ বিষয়ে খালেদা জিয়ার বিবৃতিকে রাজনৈতিক বিচক্ষণতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি। রোববার উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সোমবার দুপুরে মহাখালী ডিওএইচএস এর নিজের বাসায় সাংবাদিকদের বলেন, তিনি নিজেও দলের সংস্কার চান। তবে সংস্কারের যেকোন প্রস্তাব গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফোরামেই তুলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ্ বলেছেন, এতে ঐক্যের রাজনীতির কথা আছে। এটা ভালো বিবৃতি। একইসঙ্গে এ বিষয়ে খালেদা জিয়ার বিবৃতিকে রাজনৈতিক বিচক্ষণতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি। রোববার উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সোমবার দুপুরে মহাখালী ডিওএইচএস এর নিজের বাসায় সাংবাদিকদের বলেন, তিনি নিজেও দলের সংস্কার চান। তবে সংস্কারের যেকোন প্রস্তাব গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফোরামেই তুলতে হবে। এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, "শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তার ছেলে সজিব ওয়াজেদ জয় যে বিবৃতি দিয়েছেন, তাতে ঐক্যের রাজনীতির কথা আছে। এটা ভালো বিবৃতি। রাজনৈতিক অঙ্গনে হয়তো এর শুভ প্রভাব পড়বে।" একইসঙ্গে এ বিষয়ে খালেদা জিয়ার বিবৃতিকে রাজনৈতিক বিচক্ষণতার বহিঃপ্রকাশ অভিহিত করে তিনি বলেন, "আমার নেত্রীর এই উদ্যোগে আমি গর্বিত।" তিনি জানান, ইতোমধ্যে তার সঙ্গে দলের চেয়ারপারসনের টেলিফোনে আলাপ হয়েছে। নেত্রী তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও তার বাসায় এসেছেন বলে দাবি করেন তিনি। তার মুক্তির জন্য যারা কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হান্নান শাহ্। দলের কথিত সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের নেত্রীও দলে সংস্কার চান। আমিও চাই। তবে সব সংস্কারপন্থী এক নয়। সংস্কারের যে কোনো প্রস্তাব গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফোরামেই তুলতে হবে।" বিএনপি চেয়ারপারসন প্রবাসীদের সঙ্গে টেলি কনফারেন্সে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সম্পর্কে যেসব বক্তব্য রাখছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "মহাসচিব সম্পর্কে দলের চেয়ারপারসন সরাসরি কিছু বলেননি। বরং বলেছেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সাহেব।" গত সপ্তাহে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, "তাদের ভেতর কোনো অনৈক্য নেই। বরং বিএনপিতে মান্নান ভূঁইয়া সাহেবরা বিভক্তি এনেছেন।" মান্নান ভুঁইয়ার দেওয়া সংস্কার প্রস্তাব সমর্থন করেন কি না জানতে চাইলে তিনি বলেন, "গঠনতন্ত্র অনুযায়ী সংস্কার প্রস্তাব দলীয় ফোরামে উত্থাপন করতে হবে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।" খালেদা জিয়াকে গ্রেপ্তারের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে তিনি শুধু বলেন, "দেখা যাক।" এর আগে সোমবার দুপুরে গুলশানে মান্নান ভূঁইয়ার বাসায় বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান হান্নান শাহ্রে মুক্তিকে আইনের বিজয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা আশা করবো হান্নান শাহ্ও দলের সংস্কার চাইবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করে দলকে দুর্নীতিমুক্ত করতে হলে সংস্কারের বিকল্প নেই।" গত ১৫ মে গাজীপুরের এক আওয়ামী লীগ নেতার দায়ের করা চাঁদাবাজি ও হত্যাপ্রচেষ্টার মামলায় হান্নান শাহ্কে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে হান্নান শাহ্ উচ্চতর আদালতের জামিনে মুক্তি পান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/জিএনএ/১৮০০ ঘ.