২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা ও পংকজ দম্পতির দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা বিএনপি নেতা নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা এবং স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা বিএনপি নেতা নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা এবং স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী বুধবার আসামিরা ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে জবানবন্দি দেবেন। প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায় হুদা দম্পতির জন্য আগামী বুধবার আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেওয়ার দিন ধার্য করেন। গত ১১ মার্চ ঘুষ গ্রহণের অভিযোগে হুদা দম্পতির বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। ৯ জুলাই থেকে এ মামলায় মোট ৪০ জন সাক্ষী সাক্ষ্য দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। ঘুষের টাকা সিগমা হুদা প্রকাশিত সাপ্তাহিক "খবরের অন্তরালে" নামের পত্রিকার হিসাবে জমা দেওয়া হয়। এদিকে বিশেষ জজ আদালত - ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে পংকজ দেবনাথ দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালত আগামী বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেওয়ার দিন ধার্য করেন। আদালত এ মামলায় গত ২৭ জুন অভিযোগ গঠন করে ১ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ করেন। মামলায় মোট ৫৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ২২ মার্চ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব-বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া ও জ্ঞাত আয় -বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে পংকজ দেবনাথ ও তার স্ত্রীর বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক আব্দুল লতিফ বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, পংকজ দেবনাথ ঘোষিত আয় -বহির্ভূত ৩২ লাখ টাকার স্থায়ী সঞ্চয়সহ (এফডিআর) ৬৫ লাখ ১৬ হাজার ৬ শ ১৬ টাকার সম্পত্তি অর্জন করেছেন। তার স্ত্রী মনিকা দেবনাথ এই সম্পত্তি অর্জনে সহযোগিতা করেছেন। এ মামলায় পংকজ দেবনাথ কারাগারে আটক থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে ১৭৫৫ ঘ.