পটুয়াখালী, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খারাপ আবহাওয়ার কারণে গত প্রায় ১৫ দিন ধরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। ইলিশ মৌসুমের শুরুতে এসব জেলে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। কিন্তু মাছ শিকারে যেতে না পারায় তাদের মাথায় হাত পড়েছে।
দক্ষিণাঞ্চলের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মহিপুর, লালুয়া, ঢোস, গঙ্গামতি, ধুলাসার, গলাচিপা উপজেলার রাঙ্গাবালী, মৌডুবী, চর মোস্তাজ, চর বিশ্বাস, চরকাজলসহ বিভিন্ন চর সংলগ্ন সাগরে মৌসুমজুড়ে প্রচুর ইলিশ ধরা পরে। এছাড়া পায়রা, বুড়াগৌরাঙ্গ, ডিক্রি, রামনাবাদ, আগুনমুখাসহ সাগরে মিলেছে এমন নদনদীতেও প্রচুর ইলিশ পাওয়া যায়।
কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন ধরে জেলেরা ইলিশ শিকারে যেতে পারছেন না। সাগর উত্তাল থাকায় ফিশিং ট্রলারগুলো ঝুঁকির মুখে পড়ছে। এ অবস্থায় বিপর্যয় সৃষ্টি হয়েছে জেলে পরিবারগুলোতে। বেকার জেলেরা অর্থ সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন।
মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ দিন ধরে মহিপুর, আলীপুর, ঢোস, লালুয়া, মৌডুবী, রাঙ্গাবালী, চরকাজল, চরমোস্তাজ, চরআণ্ডা, সোনার চর, রূপার চরসহ উপকূলীয় মোহনায় প্রায় সাতশ ট্রলার নোঙর করে আছে। উত্তাল সাগরে যেতে সাহস পাচ্ছেন না জেলেরা। মৌসুম কেটে গেলে এসব জেলে ধার দেনায় জর্জরিত হয়ে পরবেন।
রাঙ্গাবালীর ইলিশ ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, জেলেদের দেওয়া দাদন নিয়ে দুঃশ্চিন্তার আছেন তারা। জেলেরা মাছ ধরে দাদন পরিশোধ করতে পারছে না, এর ওপর পরিবারের ভরণপোষণ করতে হচ্ছে তাদের।
কুয়াকাটার জেলে সুলতান মাঝি হতাশাভরা কণ্ঠে বলেন, এভাবে আবহাওয়া খারাপ থাকলে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়বে। মাছ ধরতে না পারায় এখন ধারও দিতে চাচ্ছেন না আড়তদাররা।
মাছ ধরা বন্ধের পরোক্ষ প্রভাব পড়েছে মহিপুর মৎস্যবন্দরসহ সাগর মোহনার বিভিন্ন বাজারে। ট্রলারের জন্য ডিজেল, জাল, রশি, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রি নেমেছে শুন্যের কোঠায়। মহিপুরের দোকানি আলীম মিয়া হতাশ কণ্ঠে জানান, "সাগরে জেলে নেই, আড়তে মাছ নেই, সে কারণে আমাদেরও বিক্রিও নেই। ইলিশ মৌসুমকে ঘিরেই উপকূলের ব্যবসা বাণিজ্য চাঙা হয়ে ওঠে।
অন্যদিকে, চরআণ্ডার মৎস্য ব্যবসায়ী মহিউদ্দিন বাচ্চু বলেন, আবহাওয়া স্বাভাবিক না হলে শুধু জেলে নয়, উপকূলের মাছ ব্যবসায়ীসহ সবাই ক্ষতিগ্রস্ত হবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩৪৩ ঘ.
bdnews24