২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদাকে 'বিশ্ব ঐতিহ্য' ঘোষণার আন্দোলনে নামুন: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. সি এস করিম হালদা নদীকে 'বিশ্ব ঐতিহ্য' হিসাবে ঘোষণার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. সি এস করিম হালদা নদীকে 'বিশ্ব ঐতিহ্য' হিসাবে ঘোষণার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অধিদপ্তর আয়োজিত 'হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন' শীর্ষক এক সেমিনারে চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি এ আহবান জানান। উপদেষ্টা বলেন, এখনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া গেলে হালদা নদীকে বাঁচানো সম্ভব। এ নদীকে বাঁচানো গেলে দেশীয় মাছ সহজলভ্য হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পড়েন হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফ শামীম, অধ্যাপক মু. সিকান্দার খান প্রমুখ। মূল প্রবন্ধে ড. আজাদী বলেন, ১৯৪৫ সালে হালদায় রেনু উৎপাদন হয়েছিল ২ হাজার ৪৭০ কেজি। অথচ এ বছর উৎপাদনের হয় মাত্র ৩৫০ কেজি। এ হিসাবে গত ছয় দশকে উৎপাদন কমেছে শতকরা প্রায় ৮৫ ভাগ। তিনি বলেন, হালদা নদীর সাতটি বাঁক কেটে ফেলা, মা মাছ নিধনসহ বিভিন্ন কারণে হালদায় ডিম ও রেনু উৎপাদন কমে গেছে। সেমিনারে বিশেষজ্ঞরা হালদা নদীতে মাছের অভয়াশ্রম গড়ে তুলতে ২০ দফা সুপারিশ বাস্তবায়ন করার প্রস্তাব দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২০৩ ঘ.