চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চাকরিচ্যুত ৫০ চিকিৎসক দাবি করেছেন, এ সংক্রান্ত কোনো নোটিশ তাদের কাছে আসেনি। চিকিৎসকরা হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করেছেন। সব স্বাস্থ্য কর্মকর্তার চাকরি স্থায়ী করারও দাবি জানিয়েছেন তারা।
রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চাকরিচ্যুত চিকিৎসকদের এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ডা. এনামুল হক চৌধুরী।
তিনি অভিযোগ করেন, কার্যনিবাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমে চিকিৎসকদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন। অথচ আন্দোলনরত ৫০ জন চিকিৎসকের কাছে রোববার সকাল পর্যন্ত এ সংক্রান্ত কোনো নোটিশ আসেনি। বরখাস্তের ঘটনাকে ওই দুই কর্মকর্তার স্বেচ্ছাচার বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আগের চুক্তি অনুসারে চিকিৎসকদের চাকরি স্থায়ী করা ও সার্ভিস রুল অনুযায়ী তাদের নিয়োগপত্র দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া হাসপাতালে কর্তৃপক্ষের অনিয়ম দূর করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে হস্তক্ষেপ করারও আহ্বান জানানো হয়েছে।
মা ও শিশু জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা চাকরি স্থায়ী করার দাবিতে ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেন।
এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গত বৃহস্পতিবার দুপুরের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু ধর্মঘটি চিকিৎসকরা নির্দেশ না মানায় গত বৃহস্পতিবার দুপুরের পর তাদের চাকরিচ্যুত করা হয়।
রোববার সন্ধ্যায় হাসপাতালে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত দুইদিনে সেখানে তিনজন নতুন চিকিৎসক যোগ দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২১৪৬ ঘ.
bdnews24