ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, তার শ্যালক আমিন বাদল, সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার স্ত্রী সাবিনা ইয়াসমীন, ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ সালাউদ্দিন এবং তার স্ত্রী শামসুন্নাহার ও তিন পুত্র ইমরান আহমেদ, তানভীর আহমেদ এবং শাহরিয়ার আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন।
রোববার বিকেল ৪টায় ওই মামলাগুলোর তদন্তকারী সংস্থা দুদকের কর্মকর্তারা ঢাকার সিএমএম আদালতে চার্জশীট দাখিল করেন।
হারিছ চৌধুরী ও তার শ্যালক আমিন বাদলের বিরুদ্ধে সরকারী গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগের মামলায় দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন তদন্ত শেষে অভিযোগপত্র
দাখিল করেন।
অপরদিকে সাবেক প্রতিমন্ত্রী দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমীনের বিরুদ্ধে দুদকে জমা দেওয়া হিসাব বিবরনীতে ৯ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন ও ৩ কোটি ৬ লাখ ৫৫ হাজার ২৪৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুদকের সহকারী পরিচালক নুরজাহান আহমেদ অভিযোগপত্র দাখিল করেন।
এছাড়া সাবেক সাংসদ সালাউদ্দিন ও তার স্ত্রীসহ তিন পুত্রের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে জ্ঞাত আয় বহির্ভূত ৮ কোটি ৬৮ লাখ, ৬ হাজার ৫৮৮ টাকার সম্পদ অর্জন ও ৬ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩১২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি মামলায় দুদকের সহকারী পরিচালক মীর্জা জাহিদুল আলম তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
দাখিল করা অভিযোগপত্রগুলো সোমবার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী আদেশের জন্য পাঠানো হবে।
এছাড়া শিল্পপতি সালমান এফ রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ অবৈধ বৈদেশিক মুদ্রা দখলে রাখার মামলায় গুলশান থানার এস আই আমিনুর রশিদ তদন্ত শেষে রোববার ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে ১৯৩৫ ঘ.
bdnews24