চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির মামলায় খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে ২০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ওই মামলার রায়ে তিনটি ধারায় ওয়াদুদ ভূঁইয়াকে ১০ বছর, সাত বছর ও তিন বছর সশ্রম কারাদণ্ড এবং তার ছয় কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে আদালত তিনটি সাজা এক সঙ্গে কার্যকরের নির্দেশ দেওয়ায় সাবেক এ সাংসদকে ১০ বছরই কারাভোগ করতে হবে।
রোববার সকালে এ রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন বিষয়ক বিশেষ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান। দুর্নীতি বিষয়ক মামলায় ঢাকার বাইরে এটাই প্রথম রায়।
রায় ঘোষণার সময় সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়াকে আদালতে বেশ স্বাভাবিক দেখাচ্ছিল। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী সালাহউদ্দিন মো. ইকবাল।
রায় ঘোষণার পর সরকার পক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক সাংবাদিকদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের যুগান্তকরী রায় হলে দেশে অন্যায়, দুর্নীতি ও অপরাধ অনেক কমে যাবে।
তিনি বলেন, আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
বিচারক বলেন, সরকার আইনানুগ প্রক্রিয়ায় আসামীর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করবেন এবং আসামীর সব দণ্ডাদেশ একত্রে চলবে।
আদালত সূত্র জানায়, ওয়াদুদ ভূঁইয়া গত ২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে যে সম্পত্তির হিসাব দাখিল করেন এর চেয়ে তার মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি এবং আয়ের উৎসেও ব্যাপক অসঙ্গতি থাকায় কমিশনের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম বাদী হয়ে গত ২১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন।
এরই ভিত্তিতে মামলায় তদন্তকারী কর্মকর্তা কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম গত ৫ জুন অভিযোগ পত্র দাখিল করেন এবং গত ১৮ জুন আদালতে সাবেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত মঙ্গলবার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। এর আগে এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬২ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত ২০ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে গত রোববার তা শেষ হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ আরএ/এমআই/১৫১৮ ঘ.
bdnews24