চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম আদালত পাড়া থেকে দুই ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সদস্যকে ব্যাগভর্তি প্রচারপত্র ও অস্ত্র প্রশিক্ষণের কাগজপত্রসহ রোববার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন হলেন, রাঙামাটির সুমন চাকমা ও খাগড়াছড়ির রিপন চাকমা।
আদালত পুলিশ ফাঁড়ির হাবিলদার গোপাল দে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে আদালতে একটি মামলার হাজিরা দিতে আসার সময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ইউপিডিএফের ছাপানো প্রচারপত্র, অস্ত্র প্রশিক্ষণের কাগজপত্র, বিভিন্ন সময়ে চাঁদা আদায়ের তথ্য সম্বলিত কাগজ, একটি টিভির রিমোর্ট, দুইটি মোবাইলের চার্জার এবং এক প্যাকেট ন্যাপথলিন উদ্ধার করে।
তল্লাশির এক পর্যায়ে রিপন চাকমা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে লালদিঘী পাড় থেকে তাকে আটক করে বলে গোপাল দে জানান।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক পারভিন আকতার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এখনও মামলা হয়নি। আদালত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক আবুল হোসেন থানায় ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪৫২ ঘ.
bdnews24