ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের সময়সীমা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) কার্যালয়ে শনিবার শিল্পোদ্যোক্তাদের এক সভায় এই আহ্বান জানানো হয়। এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে এই সভায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ অন্যান্য ব্যবসায়ী সংঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রসঙ্গত, উৎপাদিত শিল্পের বর্জ্য পরিশোধনের জন্য চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে শিল্পকারখানাগুলোর সীমানার ভেতরে শোধনাগার স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে ইটিপি স্থাপনের জন্য ৩০ জুনের মধ্যে ঋণপত্র খোলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন শিল্পের জন্য বিভিন্ন ধরনের ইটিপি স্থাপন প্রয়োজন। আর এজন্য আরো বেশি সময় দরকার।
ইটিপি স্থাপনের ব্যাপারে সরকারের পদক্ষেপের প্রশংসা করলেও মীর নাসির বলেন, ব্যবসায়ীদের স্বার্থ ও প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকারের সময়সীমা বাড়ানো উচিত।
সরকারের পরিবেশ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বারোশ'রও বেশি শিল্পকারখানা থেকে ৩৫ হাজার ঘনমিটার বর্জ্য নির্গত হয়, যা পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী। বাংলাদেশে শিল্পায়নের হার কম হলেও অপরিকল্পিত শিল্পায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় কৃষি জমির উর্বরতা হুমকীর মুখে রয়েছে।
পরিবেশ বাদীরা দাবি করছেন, শিল্প বর্জ্যরে কারণে ঢাকার বুড়িগঙ্গা, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও চট্টগ্রামের কর্ণফুলী নদী সংলগ্ন মাটি মারাত্মক দূষণের শিকার হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/২০৫৬ ঘ.
bdnews24