সাভার, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে রোববার সন্ধ্যায় সাভারে রুস্তম আলী (৩২) নামে এক মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর(এনএসআই) এর সদস্যরা।
রুস্তম আলী ধামরাই উপজেলার ভুরভুরিয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী এনএসআই এর ঢাকা জেলার সহকারী পরিচালক জহিরুল হক সাংবাদিকদের জানান, পৌর এলাকার স্মরনিকা জামে মসজিদের মোয়াজ্জিন রুস্তম আলীর ঘর থেকে ১৯টি জিহাদের বই, চারটি ক্যাসেট, পাঁচটি মোবাইল সিম কার্ড, চারটি ইলেকট্রিক ফিউজ, মাদ্রাসার চাঁদা তোলার তিনটি বই, নিজের ১৪ হাজার টাকা, মসজিদের ৫ হাজার টাকা, বিভিন্ন ধরনের ক্যামিকেল, বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিসহ একটি আফগানিস্তানের বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর রুস্তম আলী সাংবাদিকদের বলেন, তিনি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিলেও ফেল করেন।
সন্ধ্যা সাতটার দিকে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির এসে রুস্তম আলীকে থানায় নিয়ে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০০০ ঘ.
bdnews24