মৌলভীবাজার, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমানকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
২০ হাজার টাকা চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ১১টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বাঁশমহাল ব্যবসায়ী জহুর মিয়া শুক্রবার কমলগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় আসামী করা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অধ্যাপক রফিকুর রহমান ও ভানুগাছ বাজারের ব্যবসায়ী মন্নাফ মিয়াকে ।
মন্নাফ মিয়াকেও শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি জাকের হোসেন জানান, শনিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বাঁশমহাল পাইয়ে দেওয়ার কথা বলে রফিকুর রহমান গত ১৪ ফেব্র"য়ারি ব্যবসায়ী মন্নাফ মিয়ার মাধ্যমে বাদীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
বাদী দাবিকৃত চাঁদার ১০ হাজার টাকা পরিশোধ করার পরও বাকি টাকার জন্য রফিকুর রহমান বাদীকে নানাভাবে হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.
bdnews24