২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে অপহরণ করেছিল পাহাড়ি পিপলস আর্মি: সুমন

বান্দরবান থেকে অপহরণের পর উদ্ধার হওয়া ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমন দাবি করেছেন, পিপিএ (পাহাড়ি পিপলস আর্র্মি) নামে একটি সংগঠন তাকে অপহরণ করেছিল। এ দলটি পার্বত্য চট্টগ্রামে 'নিজেদের শাসন' প্রতিষ্ঠার জন্য সংগঠিত হচ্ছে। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে যাওয়ার আগে শনিবার সকালে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। যৌথবাহিনীর কর্মকর্তারা অবশ্য সুমনের দাবি নাকচ করে জানান, তিনি অনুমাননির্ভর কথা বলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবান থেকে অপহরণের পর উদ্ধার হওয়া ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমন দাবি করেছেন, পিপিএ (পাহাড়ি পিপলস আর্র্মি) নামে একটি সংগঠন তাকে অপহরণ করেছিল। এ দলটি পার্বত্য চট্টগ্রামে 'নিজেদের শাসন' প্রতিষ্ঠার জন্য সংগঠিত হচ্ছে। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে যাওয়ার আগে শনিবার সকালে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। যৌথবাহিনীর কর্মকর্তারা অবশ্য সুমনের দাবি নাকচ করে জানান, তিনি অনুমাননির্ভর কথা বলছেন। সংবাদ সম্মেলনে সুমন বলেন, অপহরণকারী দলের সদস্যরা তাকে জানিয়েছেন, পিপিএ নামের এ সংগঠন পাহাড়ে নিজেদের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পাহাড়িদের শাসন প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধ করতে হবে, আর এজন্য প্রচুর অস্ত্র প্রয়োজন। অস্ত্র কেনার টাকা জোগাড় করতেই তারা বিভিন্ন সময় লোকজন অপহরণ করে। সংবাদ সম্মেলন শেষে যৌথবাহিনীর কর্মকর্তারা সাংবাদিকদের জানান, পাবর্ত্য এলাকায় পিপিএ নামে কোনো সংগঠন নেই। ডানিডা কর্মকর্তা অনুমানের ওপর ভিত্তি করে এ তথ্য দিয়েছেন। অপহরণের সঙ্গে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র জড়িত থাকতে পারে বলে তারা জানান। পাহাড়ে সেনাবাহিনী থাকার প্রয়োজন আছে জানিয়ে সংবাদ সম্মেলনে সুমন বলেন, "আগে আমি নিজেও বলতাম পাহাড়ে সেনাবাহিনী থাকার প্রয়োজনটা কি? কিন্তু এই অভিজ্ঞতার পর আমার মনে হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে সেখানে তাদের থাকা প্রয়োজন।" বন্দি থাকার সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেন, "অপহরণকারীরা সংখ্যায় ছিল ১২ জন। তাদের অধিকাংশ মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। অবশ্য তাদের মধ্যে চাকমা জনগোষ্ঠীর কেউ ছিল না। বিভিন্ন সময় অপহরণকারীরা জানিয়েছে, তাদের কাছে ভারি ও হালকা প্রচুর অস্ত্র রয়েছে। আছে দুশটির মতো একে-৪৭ রাইফেল। দলটির বেশ কয়েকজন কিশোর সদস্য তাকে জানিয়েছে তারা প্রায় সবাই খরচের জন্য মাসে মাত্র ১২০ টাকা করে পায়।" সুমন জানান, এই দলটির মূল ক্যাম্পে একটি স্যাটেলাইট টেলিফোন আছে, যার সাহায্যে অপহরণকারীরা বিভিন্ন জায়গায় যোগাযোগ রক্ষা করে। এক প্রশ্নের জবাবে অপহরণের ঘটনাটিকে বিচ্ছিন্ন দাবি করে তিনি বলেন, "আমার ধারণা এর সঙ্গে অন্য কোনো দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর যোগাযোগ নেই।" গত ৮ জুলাই উদ্ধারের পর থেকে সুমন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তিনি স্ত্রী কামরুন নাহার ও দুই ছেলে আতিফ ও সাইনানকে নিয়ে ঢাকায় রওনা হন। ডানিডার প্রোগাম অফিসার সুমনকে একদল অপহরণকারী ২৫ জুন দুপুর আড়াইটার দিকে থানচির থিবুড়ি পাড়া থেকে অপহরণ করে। আবেগআপ্লুত সুমন সাংবাদিকদের কাছে তার বন্দিজীবন ও পাহাড়ে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, অপহরণকারীরা তাকে বান্দরবানের বড় মোদক এলাকার দুর্গম পাহাড়ে আটকে রেখেছিল এবং বিরূপ আবহাওয়ার মধ্যে তাকে নিয়ে এক পাহাড় থেকে অপর পাহাড়ে পালিয়ে বেড়িয়েছে। তিনি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ২৫ জুন দুপুরে থানচির থিবুড়ি পাড়ায় যান। পাবর্ত্য এলাকায় এটিই ছিল তার শেষ অফিসিয়াল ভিজিট। পাঁচ বছরের কার্যক্রম শেষে তিনি এই দায়িত্ব পরবর্তী সহকর্মীর কাছে হস্তান্তরের জন্য গিয়েছিলেন। অপহরণের সময়কার ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুমন বলেন, থিবুড়ি পাড়ায় একটি বাড়ির কাছে একটি মাচাং এর মতো জায়গায় বসে ছিলেন। সে সময় পাহাড়ের দুইপাশ থেকে দু'জন উঠে এসে তাদের দিকে অস্ত্র তাক করে। পরে আরও দুইজন তাদের সঙ্গে যোগ দেয়। একজন ভাঙা বাংলায় তাদের সঙ্গে থাকা দুই চাকমা যুবককে বিদেশি মনে করে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর তাদের বোঝানো হয় চাকমা যুবকরা বিদেশি নয়, স্থানীয় এনজিও কর্মকর্তা। পরে নিচে অবস্থান করা দলনেতার সঙ্গে কথা বলে কালোপোশাকধারীরা সুমন ও গাড়ি চালক হানিফকে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে সুমন বলেন, থিবুড়ি পাড়ায় সেদিন ডানিডার সমন্বয়কারী হ্যানস হফ মায়ারের আসার কথা ছিল। তাকে না পেয়ে অপহরণকারীরা সুমন ও তার গাড়ি চালকেকে ধরে নিয়ে যায়। এরপর রাত দশটা পর্যন্ত পায়ে হাটিয়ে তাদের একটি ঘরে নিয়ে বন্দি করে রাখা হয়। পরদিন সকাল থেকে আবারও দুর্গম পাহাড়ি পথে হাটিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। এভাবেই কেটে যায় তিন দিন ও তিন রাত। তৃতীয় রাতের কোনো এক সময় গাড়ি চালক হানিফ পালিয়ে যান। গভীর ঘুমে থাকার কারণে কখন হানিফ পালিয়েছেন তা তিনি জানতে পারেননি। এর আরও দুইদিন পর অপহরণকারী দলের সদস্যরা তাকে নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পালিয়ে বেড়াতে থাকে। এরপর দলের চার সদস্য তাদের নেতার সঙ্গে যোগাযোগ করার জন্য অনত্র চলে যায়। সুমন জানান, তারা বেশ কয়েকবার নিরাপত্তা বাহিনীর প্রায় মুখোমুখি হয়েছিলেন। দশম দিন ঘুম থেকে ওঠার পর সকালে তিনি গুলির আওয়াজ পান। এরপর অপহরণকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। প্রায় আধাঘণ্টা একা থাকার পর তিনি পাহাড়ের নিচে নেমে আসেন। তিন দিন পাহাড়ে একা কাটানোর পর তিনি একটি গ্রামের কাছে এসে পৌছান। হাঁটার সামর্থ্য না থাকার কারণে এ সময় তাকে প্রায়ই হামাগুড়ি দিয়ে চলতে হয়েছে। অপহরণের পর ১৪তম দিন সকালে একটি অনুসন্ধানী দলের স্থানীয় সদস্যরা তাকে খুঁজে পায়। এ সময় তিনি একটি পাথরের মধ্যে অর্ধচেতন অবস্থায় ছিলেন। সে সময়ের বর্ণনা দিতে গিয়ে সুমন বলেন, তার কাছে সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছিল। উদ্ধারকারীরা তাকে বিডিআরের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যায়। জায়গাটি ছোট মোদক নামে পরিচিত। পরে বিডিআরের সদস্যরা তাকে বড় মোদকে নিয়ে যায় এবং সেখান থেকে হেলিকপ্টারে নিয়ে আসা হয় চট্টগ্রাম সেনানিবাসে। আটক থাকার সময় প্রায় দিনই তার না খেয়ে কেটেছে। অপহরণকারীরা জুমের চাল দিয়ে যে ভাত রান্না করত সেখান থেকেই কিছুটা খেতে দেওয়া হতো। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকায় প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়তেন। এ সময় অপহরণকারীরা তাকে দু/তিনটি ব্যাথানাশক ইঞ্জেকশনও দিয়েছে বলে জানান সুমন। সংবাদ সম্মেলন শেষে উদ্ধারকারী সেনাবাহিনী ও বিডিআরের সদস্যরা অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন। অভিযানে অংশ নেওয়া বান্দরবান রেঞ্জের মেজর মুহসিউল বলেন, অপহরণের পর থেকে উদ্ধার পর্যন্ত পুরো সময়টা তারা প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকা ঘিরে রেখেছিলেন। দশম দিন তারা অপহরণারীদের অবস্থান টের পেয়ে প্রায় ৪০ মিনিট গুলি ছোড়েন। এতে অপহরণকারীদের মনোবল ভেঙে যায় এবং তারা সুমনকে ফেলে পালিয়ে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৭১৪ ঘ.