চাঁদপুর, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তঃনগর ট্রেন মেঘনার লাইনচ্যুত নয়টি বগির বাকি চারটিও শনিবার বেলা সাড়ে ১১টায় উদ্ধার করা হয়েছে। এর ফলে ১৪ ঘণ্টা পর বেলা সোয়া ১২টায় চাঁদপুরের সঙ্গে লাকসাম, ফেনী, চট্টগ্রামসহ অন্যান্য এলাকার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে ।
চাঁদপুরের মেহের স্টেশন মাস্টার তপন কুমার মিত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এখানে আটকে পড়া চট্টগ্রামগামী লোকাল ট্রেনটি বেলা সোয়া ১২টায় লাকসামের উদ্দেশে ছেড়ে যায়।
বৃষ্টির কারণে রেল লাইনের ক্ষতি হওয়ায় এবং লাইনে পর্যাপ্ত পাথর না থাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে তপন কুমার জানান।
শাহরাস্তির চিতৌষি রেল স্টেশনের মাস্টার মো. সিরাজুল ইসলাম পৌনে ১২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সবগুলো বগিই উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস রাত ১০টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের রেল স্টেশনের কাছাকাছি বরুনিয়ায় এলে দুর্ঘটনায় পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায় রাত ১২টার দিকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/এফএফ/আরএ/এসি/এমআই/১২৫১ ঘ.
bdnews24