সোহেল পারভেজ
বিডিনিউজ ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুক্রবার দুপুর। কলম্বোতে বাংলাদেশ-শ্রীলংকা প্রথম একদিবসী ক্রিকেট ম্যাচের ৪৪তম ওভারের খেলা চলছে। মাঠে বাংলাদেশের খেলোয়াররা প্রতিপক্ষের পঞ্চম উইকেটটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার ধানমণ্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধাসদনের প্রধান ফটকে কর্তব্যরত প্রহরী ও পুলিশ সদস্যরা হাততালি দিয়ে সেই আনন্দ ভাগ করে নিলেন। অবশ্য সুধা সদনের প্রধান নিরাপত্তারক্ষী তখন গভীর ঘুমে মগ্ন।
এক সপ্তাহ আগেও সুধা সদনের প্রধান ফটকের সামনে এমন শিথিল আবহ কল্পনা করা যায়নি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখনো মুক্ত। প্রতিদিনই দলের অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে আসতেন। বাড়ির নিরাপত্তা রক্ষী কিংবা পুলিশ সবাইকেই ব্যস্ত থাকতে হতো শেখ হাসিনার দর্শন প্রত্যাশীদের সামলাতে।
"কিছুদিন আগেও এখানকার চেহারা অন্যরকম ছিল। সারাদিনই নেতাকর্মীরা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসতেন। আমাদের সবসময় সতর্ক থাকতে হতো। এখন দর্শনার্থীদের কোনো ভিড় নেই।"
সুধা সদনের সামনে কর্তব্যরত পুলিশের সহকরী উপ পরিদর্শক শাহাদাত এভাবেই এখনকার পরিস্থিতি সম্পর্কে জানালেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে।
দর্শনার্থীদের ভিড় না থাকলেও সুধা সদনের সামনের এলাকায় পুলিশের ব্যারিকেড ও তাবুগুলো এখনো রয়েছে। তবে সোমবার ভোরে শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সেখান থেকে গোয়েন্দা কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এই সুধা সদনের সামনে ১৯৮৮ সাল থেকে চা বিক্রি করে আসছেন সেলিম। তিনি বললেন, "নেত্রীই তো এখানে নেই। লোকজন কার কাছে আসবে?"
হাসিনাকে গ্রেপ্তার করা উচিত হয়েছে কিনা এই প্রশ্নের সরাসরি জবাব না দিলেও তিনি বললেন, "আমার খারাপ লাগছে।"
সুধা সদন থেকে গ্রেপ্তারের পর শেখ হাসিনাকে রাখা হয়েছে জাতীয় সংসদ ভবনসংলগ্ন একটি বিশেষ কারাগারে। ১৯৯০ সালের পর থেকে জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের প্রধান হিসেবে তিন দফা নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৯০ সালে ক্ষমতা হারানোর পর সাবেক স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদকেও ওই বিশেষ কারাগারে রাখা হয়েছিল।
শুক্রবার এই বিশেষ কারাগরে হাসিনার ষষ্ঠ দিনটি কেটেছে। তার স্বামী, খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ আলী মিয়াও এখন সুধা সদনে নেই। হাসিনাকে গ্রেপ্তারের দিনই হৃদরোগে আক্রান্ত ওয়াজেদ মিয়াকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর থেকে সুধা সদনের পাশের বাড়ির নিরাপত্তারক্ষী বকশিরের মনও ভালো নেই। বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "খারাপ লাগবে না কেন? একজন সাবেক প্রধানমন্ত্রীকে তারা এইভাবে ধরে নিয়ে গেল!"
চা বিক্রেতা হেলালউদ্দিনের খারাপ লাগার ধরনটি একটু অন্যরকম। হাসিনার গ্রেপ্তারের বিষয়টি তার রুটি রুজির সঙ্গে জড়িত। তিনি বললেন, "তার উছিলাতেই তো আমরা ব্যবসা করতাম। আগে দিনে পনেরশ টাকা পর্যন্ত বিক্রি হইতো। এখন পাঁচশ টাকার বেশি হয় না।"
শুক্রবার দুপুরে পুলিশের একটি তাবুর কাছে দাঁড়িয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে সুধা সদনে ঢুকতে বা বের হতে দেখা গেল না। তবে রাস্তা দিয়ে প্রতিবেশীদের আনাগোনা ছিল স্বাভাবিক।
নাম প্রকাশ না করার শর্তে সুধা সদনের একজন নিরাপত্তারক্ষী জানালেন, শেখ হাসিনার নিকট আত্মীয় আর ব্যক্তিগত কর্মচারীরাই কেবল সুধা সদনে আসেন। আর নেতা কর্মীরা দলের ভারপ্রাপ্ত প্রধান জিল্লুর রহমানের সঙ্গেই দেখা করেন।
শেখ হাসিনা সুধা সদনে না থাকায় ধানমণ্ডি লেক ঘেঁষা ৬ ও ৭ নম্বর সড়কটিও এখন অনেকটা নির্জন। এই এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এতে বেশ স্বস্তিতে আছেন। কিন্তু স্বল্প আয়ের মানুষ ছাড়াও স্থানীয়দের অনেকের মধ্যেই এক ধরনের শঙ্কা কাজ করছে। পাশের একটি বাড়ির রক্ষাণাবেক্ষণকারী সুমন সরকারের স্বগতোক্তি ছিল এরকম
bdnews24