ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থেকে শুক্রবার আস্ত্র, গুলি, ফেন্সিডিল ও বিয়ারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো মো. দেলোয়ার হোসেন খান দিলু (৪০), মাইনউদ্দিন (৪১), হেলালউদ্দিন ওরফে হেলু (২২) ও রশিদ আহম্মেদ (৫৮)।
শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১০ এর একটি দল শুক্রবার ভোররাতে যাত্রবাড়ি থানার সরুজনগর এলাকায় আব্দুল হক মঞ্জিলে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা দেলোয়ারের দেহ তল্লাশী করে একটি জার্মানির তৈরি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও পিস্তলের একটি লাইসেন্স উদ্ধার করে।
পরে দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী ১৫৮/৬ উত্তর যাত্রাবাড়ি পারজোয়ার ট্রেডার্স অ্যান্ড স' মিল থেকে ৭৫ বোতল ফেন্সিডিল ও ২৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে একটি মামলা করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/১৬৪৯ ঘ.
bdnews24