চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর পরিদর্শক প্রীতি রঞ্জন চাকমার (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
প্রীতিরঞ্জনের বাড়ি রাঙামাটি জেলার দেবাশীষ নগরে। তিনি চট্টগ্রাম বিআরটিএ অফিসে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আরিফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে নগরীর সার্সন রোডে প্রীতি রঞ্জনকে অসাড় অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে আরিফ হোসেন জানান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি বলেন।
প্রীতি রঞ্জনের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের কবলে পড়ে তার মৃত্যু হয়েছে।
প্রীতি রঞ্জনের সহকর্মীরা জানান, বৃহস্পতিবার রাতে প্রীতি চাকমা বহদ্দারহাট থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। তারপরই সার্সন রোডে তাকে পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/টিএইচ/এমআই/১৪০৮ ঘ.
bdnews24