২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে তিস্তার পানি বাড়ছেই

ভারতের গজালডোবা ব্যারাজের সব ক'টি গেট খুলে দেয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়া অব্যাহত রয়েছে। গজালডোবা ব্যারাজ পয়েন্টের সঙ্গে নীলফামারীর ডালিয়া বন্যা নিয়ন্ত্রণ সেলের সার্বক্ষণিক রেডিও যোগাযোগ না থাকায় উজানের পানি প্রবাহের প্রকৃত অবস্থা জানতে পারছেন না স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

নীলফামারী, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভারতের গজালডোবা ব্যারাজের সব ক'টি গেট খুলে দেয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়া অব্যাহত রয়েছে। গজালডোবা ব্যারাজ পয়েন্টের সঙ্গে নীলফামারীর ডালিয়া বন্যা নিয়ন্ত্রণ সেলের সার্বক্ষণিক রেডিও যোগাযোগ না থাকায় উজানের পানি প্রবাহের প্রকৃত অবস্থা জানতে পারছেন না স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। মঙ্গলবার রাত থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বুধবার দুপুর পর্যন্ত তা স্থায়ী থাকে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন । তারা বলেছেন, বুধবার দুপুরের পর পানি কমতে শুরু করলেও বৃহস্পতিবার দুপুর থেকে আবার পানি বাড়তে থাকে। উজান থেকে ধেয়ে আসা পানির চাপ সামলাতে তিস্তা ব্যারাজের সব ক'টি গেট খুলে দেয়া হয়েছে। গত দু' দিনে ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ি ভাসানীর চরের ওমর আলীর বসত ভিটাসহ ১০ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের আশঙ্কায় একই এলাকার আরো ১৫টি পরিবার বাড়িঘর উচু স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়া খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামের পাগল পাড়া স্পারের উজানে এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা ও ডাউয়াবাড়ি ইউনিয়নের ভাবনচুর গ্রামে তিস্তার ডান তীরের বাঁধেও শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন। নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিমলার ৬ ইউনিয়নের পানিবন্দীদের জন্য গত বুধবার সন্ধ্যায় দেড় মেট্রিক টন চাল ও ৩০ টিন বিস্কুট বরাদ্দ দেয়া হয়েছে। ডিমলা উপজেলার পুর্ব সাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, বরাদ্দ দেয়া ত্রাণ সামগ্রীর পরিমাণ চাহিদার তুলনায় খুবই সামান্য। এত অল্প ত্রাণ নিয়ে সমস্যায় পড়তে হতে পারে এ বিবেচনায় চাল ও বিস্কুট বিতরণ করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে ২০৩১