২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত ইউরিয়া সারের দাম বাড়ছে না

ইউরিয়া সারের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম । বৃহস্পতিবার বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগের সভা কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ইউরিয়া সারের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম । বৃহস্পতিবার বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগের সভা কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন , "সারের মূল্যবৃদ্ধির বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনার পর সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।" উপদেষ্টা আরো বলেন, "কৃষি খাতের সঙ্গে বিদ্যুত, জ্বালানী ও গ্যাসের সম্পর্ক রয়েছে। এই তিনটি বিষয়ের সমন্বিত প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানোর পর সারের মূল্য বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হবে।" তিনি জানান, শিল্প মন্ত্রণালয় থেকে সারের মূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব এই কমিটির কাছে পাঠানো হয়েছিল। কমিটি বিস্তারিত আলোচনার পর প্রস্তাবটি উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে গৃহীত অন্যান্য সিদ্ধান্ত সম্পর্কে উপদেষ্টা মির্জা আজিজ আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বহরের জন্য একটি এয়ারবাস (এ ৩১০ -- ৩০০) লিজ - পারচেজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে এয়ারবাসটি তিন বছরের জন্য লিজে নেওয়ার পর বিমানই এর মালিক হবে। উড়োজাহাজটি শুধু লিজ নেওয়া হলে সরকারের খরচ হতো সাড়ে ১৭ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বৈঠকে 'মর্ডান সিল্ক ক্যারোলিন মিল' এর ২২ লাখ টাকার দণ্ডসুদ এবং ৯৬ লাখ টাকার সুদ মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ জন্য আগামী তিন মাসের মধ্যে কারখানাটিকে সরকারের মোট বকেয়া দুই কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করতে হবে বলেও উপদেষ্টা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি/বিআর/এসকে ১৯০৫ ঘ.