২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির আগে কোনো সংস্কার হবে না : জিল্লুর

শেখ হাসিনাকে মুক্ত করার আগে আওয়ামী লীগে কোনো সংস্কার হবে না বলে জানিয়ে দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। গুলশানে নিজের বাসভবনে বৃহস্পতিবার সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন দলীয় সভানেত্রীকে মুক্ত করতে ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তাদের মধ্যে কিছুটা ভুলবোঝাবুঝি ও বিভেদের সৃষ্টি হয়। তবে তা কাটিয়ে উঠে আওয়ামী লীগ এখন নেত্রীকে মুক্ত করার চেষ্টা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে মুক্ত করার আগে আওয়ামী লীগে কোনো সংস্কার হবে না বলে জানিয়ে দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। গুলশানে নিজের বাসভবনে বৃহস্পতিবার সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন দলীয় সভানেত্রীকে মুক্ত করতে ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তাদের মধ্যে কিছুটা ভুলবোঝাবুঝি ও বিভেদের সৃষ্টি হয়। তবে তা কাটিয়ে উঠে আওয়ামী লীগ এখন নেত্রীকে মুক্ত করার চেষ্টা করবে। হাসিনার গ্রেপ্তারের পর নেত্রী কর্তৃক দলের সভাপতির দায়িত্বপ্রাপ্ত জিল্লুর বলেন, "এই মুহুর্তে আওয়ামী লীগে কোনো সংস্কার হবে না। আগে সভানেত্রীকে মুক্ত করা হবে। এরপর ঘরোয়া রাজনীতি চালু হলে যদি সংস্কার হয় সেটা শেখ হাসিনার উপস্থিতিতেই হতে হবে।" শেখ হাসিনার মুক্তি দাবি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়ার বিবৃতিকে স্বাগত জানিয়ে জিল্লুর রহমান বলেন," তিনি একজন রাজনৈতিক নেত্রীর মতোই কাজ করেছেন।" দলীয় নেতাদের মধ্যে বিরোধ এবং বুধবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকের বিষয়ে জিল্লুর রহমান বলেন, ওই দুই নেতা জানিয়েছেন তাদের কোনো খেদ নেই। আওয়ামী লীগ এখন সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগে এখন কোনো দলাদলি নেই দাবি করে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "নেত্রীকে জেলে রেখে কিসের সংস্কার ? আমাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। নেত্রীকে মুক্ত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এক ও অভিন্ন।" চাঁদাবাজির মামলা প্রসঙ্গে তিনি বলেন, এজাহারে তার (হাসিনার) নাম নেই। তিনি চাঁদা চেয়েছেন এরকম কোনো প্রমাণও নেই। আট বছর আগের একটা ঘটনায় জরুরি বিধিমালায় মামলা হতে পারে না। আমরা আইনি লড়াই চালিয়ে যাব। জিল্লুর রহমান বলেন, শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর যারা আহাজারি করলো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। আর যারা আনন্দ মিছিল করলো তাদের কিছু বলা হলো না। তিনি শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচএস/এসকে ১৫২৮ঘ.