পাবনা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাবনা-৩ আসনের সাবেক সাংসদ এবং চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট তিনটি চাঁদাবাজির মামলা হলো।
ভাঙ্গুড়া থানায় বৃহস্পতিবার নতুন মামলাটি করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির কোষাধ্যক্ষ এবং মসজিদপাড়া গ্রামের ওয়ারেছ আলী।
মামলায় সাবেক সাংসদ ছাড়াও তার স্ত্রী সামছুন্নাহার ও রেজাউল করিম নামে অপর এক বিএনপি নেতাকে আসামী করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয় মাঠে সার্কাস চালানোর অনুমতি নিয়ে দেওয়ার বিনিময়ে ২০০৬ সালের ২৩ জুলাই কে এম আনোয়ারুল ইসলাম অপর দুই আসামীর সহায়তায় ২ লাখ ৭১ হাজার টাকা চাঁদা নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
কিন্তু টাকা নিয়েও সেই সার্কাস আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে বাদী এজাহারে উল্লেখ করেন।
দেশে জরুরি অবস্থা জারির পর থেকেই আনোয়ারুল ইসলাম পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪৮ ঘ.
bdnews24