২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজ দারোগার দুই বছর জেল

চাঁদাবাজির দায়ে উত্তরা থানার এক দারোগা ও তার সোর্সের দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির দায়ে উত্তরা থানার এক দারোগা ও তার সোর্সের দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল হাশেম ও তার সোর্স মো. শফিকের বিরুদ্ধে ঢাকার মহানগর দ্রুত বিচার তিন নম্বর আদালত এ রায় দেন । রায়ে জরিমানার অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১ মার্চ উত্তরা থানার উপ-পরিদর্শক ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জনৈক বিভাস চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরদিন বিভাসের মা মঞ্জিলা রাণী সরকার থানায় গেলে দারোগা আবুল হাশেম তাকে থার্নাই একটি কক্ষে নিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চান। দারোগা চাঁদা দিলে বিভাসকে ৫৪ ধারায় চালান আর না দিলে ভাই বাবুল চন্দ্র সরকারসহ তাকে ডাকাতি মামলায় চালান করে দেওয়ার হুমকি দেন। মঞ্জিলা রাণী সরকার চাঁদা দিতে রাজি হন এবং বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান। ৩ মার্চ হাশেমের সোর্স শফিক নির্ধারিত স্থানে চাঁদা আনতে গেলে পুলিশ দুই হাজার টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এমএইচএস/এসকে/এমএইচবি/ ১০০৮ঘ.