গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কোনাবাড়ির নিউ টাউন নিটওয়্যার কোম্পানি নামে একটি গার্মেন্টস কারখানায় মঙ্গলবার দুপুরে আগুন লাগে।
আগুন নেভাতে গিয়ে এবং আগুন আতঙ্কে পদদলিত হয়ে আহত হন ১৫ শ্রমিক। এদের মধ্যে সাত জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া একটার দিকে খাবারের বিরতির সময় পাঁচ তলা ভবনটির পঞ্চম তলায় নিট ফেব্রিক্স স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিকরা নিজেরাই আগুন নিভানোর কাজে নেমে পড়ে। পরে টঙ্গী ও গাজীপুর ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে আহত রাজা মিয়া (২৪), মজনু মিযা (২৫), শাহীন (১৮), কামরুল (১৯), মঞ্জু (২২), মোকসেদুল (২২) ও আ. জলিল (২৫) কে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৭ ঘ.
bdnews24