২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সোমবার ভোরে বাবা ও মেয়েসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া হাটহাজারী সদরে ট্রাকচাপায় সোমবার সকালে নিহত হয়েছে শফিক (১২) নামে এক কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সোমবার ভোরে বাবা ও মেয়েসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া হাটহাজারী সদরে ট্রাকচাপায় সোমবার সকালে নিহত হয়েছে শফিক (১২) নামে এক কিশোর। মিরসরাইয়ে নিহতরা হলেন, কাজী এস এম জাহাঙ্গীর (৫০) ও তার মেয়ে সানিয়া আফরিন (১৫), রোটন গোমেজ(৪৫), জিয়াউল হক (৪০) ও নজরুল ইসলাম নজু (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন এস এম জাহাঙ্গীরের ভাই মো. ইসমাম (১৪) ও পথচারী বিবি হালিমা। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল আবছার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস মিঠাছড়া বাজারের তিনশ গজ উত্তরে পান্তাপুকুর এলাকায় বিকল হয়ে যায়। এ সময় যাত্রীরা নেমে বাসের লাগেজ বক্স থেকে তাদের লাগেজ বের করছিলেন। তখন টাঙ্গাইল থেকে চট্টগ্রামগামী আরেকটি বাস ইউনিক পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অন্য দুজন আহত হন। পুলিশ জানায়, বাস দুটির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলা করা হবে। এদিকে, হাটহাজারী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শিপ্রা রানী জানান, সকাল সাতটার দিকে ফায়ার বিগ্রেড কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে শফিক ঘটনাস্থলে নিহত হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৬০০ ঘ.