২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই পথের শেষ কোথায়: রোডম্যাপের প্রতিক্রিয়ায় মতিয়া

যে দাবিগুলোর জন্য আন্দোলন হয়েছিলো সেগুলো পাশ কাটিয়ে কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। দলের মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পথের শেষ কোথায় তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রোববার দুপুরে মগবাজারে নিজের বাসায় সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ২০০৮ সালের অক্টোবরের মধ্যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শেষ করা এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। রোডম্যাপের বিষয়ে দলের প্রতিক্রিয়ায় মতিয়া বলেন, "আমরা জরুরি অবস্থার মধ্যে নির্বাচন দেখে অভ্যস্ত নই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যে দাবিগুলোর জন্য আন্দোলন হয়েছিলো সেগুলো পাশ কাটিয়ে কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। দলের মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পথের শেষ কোথায় তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রোববার দুপুরে মগবাজারে নিজের বাসায় সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ২০০৮ সালের অক্টোবরের মধ্যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শেষ করা এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। রোডম্যাপের বিষয়ে দলের প্রতিক্রিয়ায় মতিয়া বলেন, "আমরা জরুরি অবস্থার মধ্যে নির্বাচন দেখে অভ্যস্ত নই। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে একতরফা কথা বলা ঠিক নয়। যে দাবিগুলোর জন্য আন্দোলন হয়েছিলো সেই বিষয়গুলো সর্ম্পকে প্রধান নির্বাচন কমিশনার চুপ থাকছেন বা পাশ কাটাচ্ছেন। জনগণের আন্দোলনের ফসল এই নির্বাচন কমিশন। অথচ তারাই এরকম কথা বলবে তা কেউ আশা করেনি।" নির্বাচন কমিশনের ভোটার তালিকা তৈরির গতি প্রসঙ্গে তিনি বলেন, "যে গতিতে কাজ চলছে তাতে সময়মতো ভোটার তালিকা তৈরি করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।" রোডম্যাপকে অসম্পূর্ণ অভিহিত করে তিনি বলেন, "প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করলেও স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে কিছুই বলেননি। সেনাবাহিনী স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির আগ্রহ দেখালেও সিইসি এ বিষয়ে কিছুই বলনেন না, পাশ কাটিয়ে গেলেন।" মতিয়া আরো বলেন, "এই রাস্তার শেষ কোথায় তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এই পথ কোথায় গিয়ে শেষ হবে তা প্রধান নির্বাচন কমিশনার নিজেও বলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে।" আওয়ামী লীগ নির্বাচন কমিশনের এই রোডম্যাপ প্রত্যাখান করছে কি না জানতে চাইলে তিনি বলেন, "এটা প্রত্যাখান করা বা না করার বিষয় নয়, আমরা আমাদের প্রতিক্রিয়া জানাচ্ছি।" এর আগে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়া জানতে রোববার সকাল থেকেই সাংবাদিকরা ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল পৌনে এগারোটার দিকে হাসিনা সেখানে আসেন এবং দুপুর পৌনে দুইটার দিকে বেরিয়ে যান। এসময় সাংবাদিকরা হাসিনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিছু বলেননি। পরে তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের পক্ষে মতিয়া চৌধুরী রোডম্যাপ সম্পর্কে কথা বলবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/জিএনএ/১৭২৯ ঘ.