বরগুনা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে)- বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া ও শ্যালার চর এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে দুটি মাছ ধরা ট্রলারসহ ২২ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২২ জন জেলেসহ পিরোজপুরের এফবি কবির ও পাথরঘাটার এফবি শারমিন নামের দুটো ট্রলার অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। তারা চলে যাওয়ার সময় ৫ জেলেকে সাগরে ফেলে দিয়ে যায়। ৩ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের কচিখালি কনটিজেন্টের কমান্ডার আব্দুল গফফার জানান, শুক্রবার বিকেলে তারা অপহরণের কথা জানতে পেরেছেন। জেলেদের উদ্ধারের জন্য শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/জেকে/২১৪৮ ঘ.
bdnews24