২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলের সেই ইউএনও-কে বদলি

সার বিতরণকালে দুর্ব্যবহারের অভিযোগে কৃষকদের তোপের মুখে পড়া নাচোলের ইউএনও মনজুর মোরশেদকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সার বিতরণকালে দুর্ব্যবহারের অভিযোগে কৃষকদের তোপের মুখে পড়া নাচোলের ইউএনও মনজুর মোরশেদকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের একটি ফ্যাক্সবার্তায় বৃহস্পতিবার এ বদলির নির্দেশ আসে বলে জেলা প্রশাসক শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, মনজুর মোরশেদকে সাতক্ষীরা জেলার আশাশুনিতে বদলি করা হয়েছে। গত ৪ জুলাই নাচোলে সার নিতে আসা কৃষকরা উপজেলা পরিষদ ভবনে ব্যাপক ভাংচুর চালায়। কৃষকদের হামলায় আহত হন ইউএনও সহ চার জন। ইউএনও এর দুর্ব্যবহারের কারণেই কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠে বলে স্থানীয়রা জানান। ওই ঘটনায় নাম উল্লেখ না করে ৫ হাজার কৃষককে অভিযুক্ত করে উপজেলা প্রশাসন একটি মামলা করে। ঘটনা তদন্তে জেলা প্রশাসক তিন সদস্যের এবং কৃষি মন্ত্রণালয় চার সদস্যের কমিটি গঠন করে। এর মধ্যে জেলা প্রশাসনের তদন্ত কমিটি ইতোমধ্যেই প্রতিবেদন জমা দিয়েছে। ওই ঘটনার জন্য কৃষকরা ইউএনও মনজুর মোরশেদকে দায়ী করে তার প্রত্যাহার দাবি করে আসছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩৫ ঘ.