বাগেরহাট, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নিখোঁজ কলেজ ছাত্রী বর্ণালী ঘোষের (২১) গলিত লাশ বুধবার রামপালের বুজবুনিয়া বাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে। সে খুলনার আজম খান কমার্স কলেজের অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী। গত ৩০ জুন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিত্রা বুজবুনিয়া বাজার এলাকার একটি বাগানে মাটি চাপা দেওয়া বর্ণালীর অর্ধগলিত লাশ কুকুর টেনে বের করলে সবার নজরে আসে। পরে পুলিশ এসে লাশ মর্গে পাঠায়।
বর্ণালীর পিতা বিপুল চন্দ্র ঘোষ জানান, ৩০ জুন বর্ণালীর খুলনা যাবার কথা ছিল। ২৯ জুন রাতে নিজ ঘরে সে ঘুমাতে যায়। পরদিন সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তিনি বলেন, মেয়ে নিখোঁজের ঘটনায় গত ৩ জুলাই রামপাল থানায় তিনি একটি সাধারণ ডায়রি করেছিলেন।
রামপাল থানার উপ-পরিদর্শক ইয়াসিন জানান, নিহতের পিতার করা সাধারণ ডায়রিতে সন্দেহভাজন ব্যক্তির নাম আছে। লাশের ময়না তদন্ত শেষে হত্যার বিষয়টি স্পষ্ট হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১৪৫ ঘ.
bdnews24