ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মিরপুরে একটি বাসায় মঙ্গলবার র্যাব অভিযান চালালে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পুলিশ জানায় গুলি বিনিময়ের পর দুটি পিস্তলসহ ২ জেএমবি জঙ্গিকে আটক করেছে র্যাব। এ ছাড়া উদ্ধার হয়েছে অনেক জেহাদি বই।
র্যাব কর্মকর্তার এই অভিযানের কথা স্বীকার করলেও বিস্তারিত জানায়নি।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারি উপ--পরিদর্শক এবি সিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়মনসিংহ থেকে আসা র্যাব-৯ এর একটি দল সকাল নয়টার দিকে ই ব্লকের ১ নম্বর রোডের ১১ নম্বার বাড়িতে জেএমবি সদস্যদের সন্ধানে অভিযান চালায়। র্যাব-৪ এর সদস্যরাও তাদের সঙ্গে ছিল। র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে ফেললে নিচ তলার ফ্লাট থেকে গুলি চালানো হয়। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালিয়ে নিচ তলায় ঢুকে পড়ে। তারা সেখান থেকে জেএমবি সদস্য সাখাওয়াত (৩৫) এবং তার স্ত্রীকে (৩০) আটক করে।"
তিনি আরও জানান, র্যাব সদস্যরা বাসায় তল্লাশি চালিয়ে দুটি নাইন এমএম পিস্তল, নয় রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, চারটি কম্পিউটারের সিপিইউ, দুটি মোবাইলফোন, তিনটি কোরআন শরীফ এবং বিপুল পরিমাণ বিভিন্ন জেহাদি বই উদ্ধার করে।
উপ--পরিদর্শক এবি সিদ্দিক অবশ্য বলেন, "এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।"
র্যাব যে বাড়িতে অভিযান চালিয়েছে তার মালিক ফ্লাইট সার্জেন্ট অব. আশরাফ আলী। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত মে মাসে ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে সাখাওয়াত মাসিক চার হাজার টাকা ভাড়ায় ওই বাসায় ওঠেন।
র্যাব--৪ এর অপারেশন কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট আসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন "আমরা একটি অভিযান চালাচ্ছি। এ ব্যাপারে র্যাব সদর দপ্তরের মিডিয়া সেল থেকে আপনাদের পরে বিস্তারিত জানানো হবে।"
র্যাব সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান কমান্ডার আবুল কালাম আজাদের সঙ্গে বিকেল পাঁচটায় যোগাযোগ করা হলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা অভিযানের মাঝপথে রয়েছি। অভিযানের গোপনীয়তা রক্ষা এবং অন্যদের গ্রেপ্তারের স্বার্থে এ ব্যাপারে এখনই জানানো সম্ভব নয়।"
তবে র্যাবের কয়েকটি সূত্র জানিয়েছে কয়েকদিন আগে র্যাব-৯ এর সদস্যরা ময়মনসিংহ থেকে ঝালকাঠির পিপি অ্যাডভোকেট হায়দার আলী হত্যা মামলার অন্যতম আসামি আসাদুল্লাহকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই মামলার অন্য আসামি জেএমবি জঙ্গি সাখাওয়াত ও তার সহযোগীদের সন্ধানে মিরপুরের ওই বাড়িতে অভিযান চালানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।
সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা উপ--পরিদর্শক আব্দুল গনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " বাড়ির সামনে পাহারা দেওয়ার জন্য আমাদের পঠানো হয়েছে। বাড়ি থেকে কী উদ্ধার করা হয়েছে না হয়েছে তা আমাদের জানা নেই।"
সামনের বাসার রুনা নামের একজন জানান, তারা সকালের দিকে গুলির শব্দ শুনতে পেয়েছেন। পরে রাস্তায় রক্তের দাগ এবং একজনকে চোখ বেধে নিয়ে যেতে দেখেছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০২২৭ ঘ.
bdnews24