ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার ছেলে ফয়সাল মোরশেদ খান মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। ওই হিসাবে তাদের পরিবারের সদস্যদের সাত কোটি ৯৪ লাখ তিন হাজার ৫১ টাকার দেনাসহ মোট ১৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৯৯৫ টাকার সম্পত্তির উল্লেখ রয়েছে।
দেনা বাদ দিয়ে মোরশেদ খানের পরিবারের নিট সম্পত্তির মূল্যমান ১১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৯৪৪ টাকা।
মোরশেদ খানের পক্ষে তার আইনজীবী আনোয়ার জামিল চৌধুরী ও ফয়সাল মোরশেদ খানের পক্ষে আইনজীবী মাহমুদুল হক সম্পত্তির হিসাব বিবরণী কমিশনের সচিব মোখলেস উর রহমানের কাছে দাখিল করেন।
হিসাব বিবরণীতে মোরশেদ খানের মোট সম্পত্তির পরিমাণ এক কোটি ৬৮ লাখ ৮৯ হাজার ৯১২ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে স্থাবর সম্পত্তি এক কোটি ৪২ লাখ ১১ হাজার ৫১২ টাকার এবং অস্থাবর সম্পত্তির দাম ২৬ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা। তার ব্যক্তিগত দেনার পরিমাণ ৫৮ লাখ ৫০ হাজার টাকা।
তার স্ত্রী নাসরিন খানের সম্পত্তি রয়েছে ছয় কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৪৪২ টাকার। এর মধ্যে স্থাবর সম্পত্তির দাম ৮৬ লাখ ৮২ হাজার ৪৪২ টাকা এবং অস্থাবর সম্পত্তির দাম ছয় কোটি চার লাখ ৮২ হাজার টাকা। তার ব্যক্তিগত দেনার পরিমাণ ১৯ লাখ ৩৯ হাজার টাকা।
বিবরণীতে কোনো দেনা ছাড়াই মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের সম্পত্তি রয়েছে তিন কোটি দুই লাখ ২৬ হাজার ৫৭৪ টাকার। এর মধ্যে স্থাবর সম্পত্তি ৪৬ লাখ এবং অস্থাবর সম্পত্তি দুই কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৫৭৪ টাকার।
তার স্ত্রী শিল্পপতি জহিরউদ্দিন খানের মেয়ে জেসিন খানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ সাত কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৬৭ টাকা। এর মধ্যে দেনা আছে সাত কোটি ১৬ লাখ ১৪ হাজার ৫১ টাকা।
দুর্নীতি দমন কমিশন গত জুন মাসের শেষ সপ্তাহে মোরশেদ খান ও তার ছেলে সিটিসেল মোবাইল ফোন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খানের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়।
নোটিশ পাওয়ার একদিন পরই তাদের পক্ষ থেকে এক মাসের সময় চেয়ে কমিশনে ফ্যাক্সে আবেদন করা হয়। তবে কমিশন বিধি অনুযায়ী তাদের জন্য বাড়তি সাতদিনের সময় মঞ্জুর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২২৩৩ ঘ.
bdnews24