ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ আট বছরেও বিচার কাজ শেষ না হওয়ায় আদালতের দেওয়ালে মাথা ঠুকে আত্মহত্যার চেষ্টা করেছেন অস্ত্র মামলার এক আসামি।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মহানগর ৩ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক একে এম এনামুল হকের এজলাসে মঙ্গলবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।
আদালত সূত্র জানায়, শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বালিয়া গ্রামের আহসান ওরফে আচান ১৯৯৯ সালের ৬ জুলাই রাজধানীর সবুজবাগ থানার মান্ডা এলাকায় চাঁদাবাজি করার সময় গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার হন।
এরপর দীর্ঘ আট বছরে এই মামলায় শুধু রাষ্ট্রপক্ষ থেকে একজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। আহসানকে এ সময় জামিন দেয়নি আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এখন আর তার জামিনের প্রয়োজন নেই। সাজা দিয়ে মামলাটি শেষ করার দাবি জানান তিনি।
তিনি আরও জানান, কারাগারে যাওয়ার সময় তার ছেলের বয়স ছিল ছয় মাস। এরপর দীর্ঘ সময় স্ত্রী, সন্তান পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন। এজন্য ভাগ্যের ওপর ক্ষুব্ধ হয়েই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
উল্লেখ্য ঢাকার একই আদালতে জুন মাসে ইঁদুর মারার বিষটোপ খেয়ে অস্ত্র মামলার এক আসামি আত্মহত্যার চেষ্টা চালান। তারও আগে আদালতের কাঠগড়ায় ও কোর্ট হাজতে দুই হাজতি গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৯৩৭ ঘ.
bdnews24