২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন উপজেলায় ডাকাতের হামলায় আহত ১০

হাটহাজারী ও সাতকানিয়া উপজেলায় ডাকাতের গুলিতে ছয় জন আহত হয়েছেন। এছাড়া বোয়ালখালী উপজেলার ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হাটহাজারী ও সাতকানিয়া উপজেলায় ডাকাতের গুলিতে ছয় জন আহত হয়েছেন। এছাড়া বোয়ালখালী উপজেলার ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চার জন। সোমবার রাতে হাটহাজারীর উত্তর মেখল গ্রামে ডাকাতদের গুলিতে আহত হন মোহাম্মদ মিয়া (১৮), এরশাদ উল্লাহ (১৯) ও মো. ইসমাঈলকে (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সশস্ত্র ডাকাত দল গ্রামের ডা. সুরুত আলীর বাড়ির গ্রিল কেটে সোমবার রাত একটার দিকে ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে। যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করলে ডাকাতরা এলোপাথাড়ি গুলি চালায়। তাতে আহত হন ওই তিন ব্যক্তি। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। একই রাতে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমসায় খলিলুর রহমানের বাড়িতে হানা দিয়ে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে এক দল ডাকাত। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ও কমিউনিটি পুলিশ ধাওয়া করলে ডাকাতরা গুলি চালায়। এতে মো. ইউনুস (৪০), মো. ইলিয়াস (২১) ও সিরাজুল ইসলাম (৬০) গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় মো. ইউনুসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জয়নাল আবেদিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। অপরদিকে, বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার গুলজার পাড়ায় আহমদ আলীর বাড়িতে হানা দিয়ে সশস্ত্র ডাকাত দল নগদ দুই লাখ ৮৫ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে বলে স্থানীয় সূত্র জানায়। ওই সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহমদ (৬৫), মাহফুজা খাতুন (৪০), ছগির আহমেদ (৫০) ও সেলিম আহমেদ (২৭) আহত হন। তবে এ ঘটনায় বোয়ালখালী থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মোবারক হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৯৪১ ঘ.