বরিশাল, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে রোববার জলদস্যুদের হাতে অপহৃত ২১ জেলেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় জেলেদের চারটি ট্রলারও উদ্ধার করা হয়। অবশ্য জলদস্যুদের কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডের পশ্চিম অঞ্চলের জোনাল কমান্ডার কাজী নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১ টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেল বাড়ীর মেলাগান খাল থেকে জেলেদের উদ্ধার করা হয়। এরপর তাদের সবাইকে পাথরঘাটায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালের দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেল বাড়ী এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা ১২ টি ট্রলারে ডাকাতি করে।
জলদস্যুরা পরে পিরোজপুরের মাহবুব মিয়ার ট্রলার এফ বি মা, পাথরঘাটার বাদশা খানের এফ বি বাদশা, আলম সরদারের এফ বি সরদার এবং আবদুল বারেক মুন্সির মালিকানাধীন এফ বি মুন্সি ট্রলার অপহরণ করে নিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৭৫১ ঘ.
bdnews24