ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মেঘমুক্ত আকাশে রোদের হাতছানি - এই ছিল মঙ্গলবার সকালের চিত্র। বাতাসের প্রবাহ তেমন না থাকায় আর সঙ্গে রোদের তীব্রতাও যোগ হওয়ায় সকাল থেকেই গরম হয়ে ওঠে অসহ্য। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা আরও বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
এ ছাড়া বাড়তে পারে দিনের তাপমাত্রাও।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সূর্য অস্ত যাবে ৬টা ৫০ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ৫টা ১৭ মিনিটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসি/১১৩৯ ঘ.
bdnews24