২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে

শিল্পী সাবিনা ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। মঙ্গলবারের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। রোববার সাবিনাকে ইমিউনোথেরাপি দেওয়ার পর থেকে তিনি বেশ সুস্থ বোধ করছেন বলে জানা গেছে। সোমবার তার শরীরের তাপমাত্রাও ছিল স্বাভাবিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 05:02 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্পী সাবিনা ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। মঙ্গলবারের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। রোববার সাবিনাকে ইমিউনোথেরাপি দেওয়ার পর থেকে তিনি বেশ সুস্থ বোধ করছেন বলে জানা গেছে। সোমবার তার শরীরের তাপমাত্রাও ছিল স্বাভাবিক। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সোমবার বিকালে তাকে দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে সরকারের সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। এর আগে দুপুর একটার দিকে হাসপাতালে সাবিনাকে দেখতে যান সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ। সাবিনা ইয়াসমিনের মেয়ে বাঁধন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। তিনি বলেন, "সবার সঙ্গে কথা বলে আমরা আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। সিঙ্গাপুরে গিয়ে সেখানে আবার তাকে পুরোপুরি চেকআপ করানো হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" সাবিনা ইয়াসমিন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এক মাস ধরে চিকিৎসাধীন। একজন চিকিৎসক জানিয়েছেন, তিনি নন হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। শনিবার প্রথম কেমোথেরাপি দেওয়ার কথা থাকলে হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা আবার বেড়ে যায়। তার লিভার ঠিকমতো কাজ করছিল না। তাই চিকিৎসকরা তাকে কেমো দেওয়ার মতো শারীরিক অবস্থা ফিরিয়ে আনতে ইমিউনোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য, মেডিসিন বিশেষজ্ঞ লেফটেনেন্ট কর্ণেল (অব.) মোফাজ্জল হোসেন সোমবার জানান, সাবিনা ইয়াসমিনের ক্যান্সারের পর্যায় 'ফোর বি' অবস্থায় রয়েছে। এটা এখনও নিরাময়যোগ্য একটি পর্যায়। তবে অবশ্যই তাকে কেমোথেরাপি নিতে হবে। সাবিনার জন্য গঠিত চার সদস্যের মেডিক্যাল বোর্ডের অন্যরা হচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ সিরাজুল হক, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক খাদেমুল ইসলাম ও অধ্যাপক খাজা নাজিমুদ্দিন। হাসপাতাল সূত্রে জানা যায়, শরীরে জ্বর নিয়ে গত মাসের ১২ তারিখ সাবিনা ইয়াসমিন হাসপাতালে ভর্তি হন। তখন তিনি দ্রুত ওজন হারাচ্ছিলেন। চিকিৎসকরা তার জ্বরের কারণ নির্ণয় করতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষায় তার প্লীহাতে সিস্ট এর অস্তিত্ব ধরা পরে। অস্ত্রোপচার করে সিস্ট অপসারণ করে সিস্টের বায়োপসি করা হয়। বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হতে সুইজারল্যান্ডের একটি হাসপাতাল থেকেও বায়োপসি করানো হয়। সেখানেও একই ফলাফল পাওয়া যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচবি/২২৫১ ঘ.